Odisha: ওড়িশার কেন্দ্রাপাড়ায় মদ্যপান নিয়ে ছেলেকে বকাঝকা করায় ৭০ বছর বয়সি মাকে খুনের অভিযোগ উঠল। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওড়িশায় মা-কে খুন করার অভিযোগ খোদ ছেলের বিরুদ্ধে
ভুবনেশ্বর, ওড়িশা: ছেলের মদের নেশা নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন বৃদ্ধা মা! কীভাবে ছেলেকে আশক্তি থেকে বার করা যায়? এই চিন্তাই ঘুরপাক খেত মায়ের মাথায়! নেশা নিয়ে মা ছেলের মধ্যে নিত্যদিন অশান্তিও লেগে থাকত। কিন্তু এর পরিণতি যে কতটা ভয়বহ হল, তা কল্পনারও বাইরে! যে মা জন্ম দিয়েছিলেন, সেই মাকেই খুনের অভিযোগ উঠল খোদ ছেলের বিরুদ্ধে।
ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায় অভিযোগ, ৭০ বছর বয়সি মহিলাকে খুন করেছে তাঁর ছেলে। পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত বিজয় সাহু শনিবার রাতে মদ্যপ অবস্থায় পাতুনি গ্রামে নিজের বাড়ি ফিরে আসে। পুলিশের দাবি, ছেলে নেশা করে বাড়ি ফেরায় মা প্রবল আপত্তি জানায়। শুরু হয় কথা-কাটাকাটি। অশান্তি ক্রমে বাড়তে থাকে। অভিযোগ, বচসার জেরেই মাকে খুন করে ছেলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই-কে পুলিশ আধিকারিকরা জানান, রাগের মাথায় বিজয় সাহু নাকি প্রথমে তার ৭৪ বছর বয়সি বাবা নবঘন সাহুর উপর হামলা চালানোর চেষ্টা করে। নবঘন সাহু অবসরপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান। সেই সময় মা হিরামণি সাহু ছেলেকে বাধা দিতে এগিয়ে এলে অভিযুক্ত কাঠের তক্তা দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ।
চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে তড়িঘড়ি রাজকণিকা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পুলিশ জানিয়েছেন, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, মা-কে খুন করার পর অভিযুক্ত গ্রাম থেকে পালানোর চেষ্টা করে। তবে গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন এবং পুলিশকে খবর দেন। রাজকণিকা থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জয় কুমার মল্লিক বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।”
গতবছর মার্চ মাসে খাস কলকাতায় ছেলের হাতে খুন হন বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা। বাঘাযতীনে বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। মাকে খুনের পর থানায় এসে আত্মসমর্পণ করে ছেল। মাকে শ্বাসরোধ করে খুনের পর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে রহস্যজনকভাবে নিখোঁজ ছিল ছেলে। অবশেষে পাটুলি থানায় এসে আত্মসমর্পণ করে। ডিপ্রেশন থেকে খুন, জেরায় স্বীকার করে অভিযুক্ত।
(Feed Source: news18.com)