
Success Story: ডাক্তারি ছেড়ে IAS, কেরলের ভাইরাল মহিলা অফিসার ডঃ বাসুকির সাফল্যের গল্প শুনলে গর্ব হবে।
ডাক্তারি পেশা ছেড়ে প্রশাসনের পথে হাঁটার সিদ্ধান্তই বদলে দিয়েছিল তাঁদের জীবন। আজ তাঁরা দু’জনেই কেরলের প্রশাসনিক ব্যবস্থার অন্যতম পরিচিত মুখ। সম্প্রতি কেরলের নতুন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আইএএস অফিসার ড. কে বাসুকি। রাজভবনের মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় জোর চর্চা।
চেন্নাইয়ের বাসিন্দা ডঃ কে. বাসুকি প্রথম জীবনে ছিলেন একজন চিকিৎসক। সরকারি হাসপাতালে কাজ করার সময়ই তিনি উপলব্ধি করেন, একজন ডাক্তার হিসেবে সীমিত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হলেও প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে বৃহত্তর স্তরে পরিবর্তন আনা যায়। সেই ভাবনা থেকেই শুরু ইউপিএসসি-র প্রস্তুতি। কঠোর পরিশ্রমের ফল মেলে ২০০৮ সালে। সর্বভারতীয় স্তরে ৯৭তম স্থান অর্জন করে আইএএস হন তিনি।
প্রথমে তাঁর ক্যাডার ছিল মধ্যপ্রদেশ। পরে কেরল ক্যাডারের আইএএস অফিসার ডঃ এস কার্তিকেয়ন-এর সঙ্গে বিয়ের পর কেরলে বদলি হয়ে আসেন। তারপর থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলেছেন ডঃ বাসুকি।
তিরুঅনন্তপুরমের জেলা শাসক হিসেবে কাজ করার পাশাপাশি স্বচ্ছতা মিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগ মোকাবিলায় তাঁর কাজ বিশেষ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তিনি রাজ্যপালের সচিব পদে রয়েছেন।
অন্যদিকে, তাঁর স্বামী ডঃ এস. কার্তিকেয়নও চিকিৎসক থেকে আইএএস হওয়া এক সফল আধিকারিক। তামিলনাড়ুর বাসিন্দা কার্তিকেয়ন এমবিবিএসের পাশাপাশি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরে ইউপিএসসি পাশ করে কেরল ক্যাডারের আইএএস অফিসার হিসেবে প্রশাসনিক জীবনে প্রবেশ করেন। বর্তমানে তিনি কেরলের মুখ্যমন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে কর্মরত। প্রশাসনিক মহলে শান্ত, দক্ষ এবং নির্ভরযোগ্য অফিসার হিসেবেই পরিচিত তিনি।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান ঘিরে এই আইএএস দম্পতি নতুন করে আলোচনায় উঠে এসেছেন। বিশেষ করে ডঃ বাসুকির আত্মবিশ্বাস, সরল ব্যক্তিত্ব এবং ডাক্তার থেকে প্রশাসক হয়ে ওঠার গল্প বহু তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
চিকিৎসা ক্ষেত্রের নিরাপদ কেরিয়ার ছেড়ে দেশের প্রশাসনে নিজেদের প্রতিষ্ঠিত করা এই দম্পতির সাফল্যের গল্প এখন সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ভাইরাল।
(Feed Source: news18.com)
