পরের আইপিএলে ৩ দলের অধিনায়ক বদল! কোপের তালিকায় একের পর এক তারকাদের নাম!

পরের আইপিএলে ৩ দলের অধিনায়ক বদল! কোপের তালিকায় একের পর এক তারকাদের নাম!

3 Super Star captain Likely To Removed Ahead Of IPL 2027: বিশেষজ্ঞদের একাংশের মতে, কয়েকজন তারকা ক্রিকেটারের জন্য অধিনায়কত্বের চাপ উল্টে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে নতুন মরশুমে একাধিক দল তাদের অধিনায়কদের সরিয়ে নতুন কাওকে দায়িত্ব দিতে পারে।

আইপিএল ২০২৬ শেষ হতে না হতেই বেশ কিছু দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যে ছয়টি দল প্লে-অফে জায়গা করে নিতে পারেনি, তারা আগামী মরশুমের আগে বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে বলেই মনে করা হচ্ছে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অধিনায়কত্বের প্রশ্ন। ক্রিকেটে দল হারলে প্রথমেই অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশেষজ্ঞদের একাংশের মতে, কয়েকজন তারকা ক্রিকেটারের জন্য অধিনায়কত্বের চাপ উল্টে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে নতুন মরশুমে একাধিক দল তাদের অধিনায়কদের সরিয়ে নতুন কাওকে দায়িত্ব দিতে পারে।

এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে গত দুই মরশুম খুব একটা ভালো কাটেনি তাঁর। ২৭ কোটির মতো বড় অঙ্কের টাকায় দলে এলেও দলকে প্লে-অফে তুলতে পারেননি। ব্যাট হাতেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন পন্থ। ২০২৬ মরশুমে তিনি মাত্র ৩১২ রান করেছেন এবং মাঠে তাঁর কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, অধিনায়কত্বের বাড়তি চাপ সরিয়ে দিলে পন্থ আবার নিজের পুরনো ছন্দ ফিরে পেতে পারেন।

অন্যদিকে অজিঙ্কা রাহানের নেতৃত্ব নিয়েও আলোচনা চলছে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে তিনি মাঠের বাইরে ঠান্ডা মাথায় দল সামলালেও ব্যাট হাতে বড় প্রভাব ফেলতে পারেননি। পুরো মরশুমে তাঁর রান এবং স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তোলার গুরুত্ব বাড়ায় অনেকেই মনে করছেন, রাহানেকে শুধুই ব্যাটার হিসেবে ব্যবহার করাই দলের জন্য বেশি লাভজনক হতে পারে। কিন্তু রাহানের যা বয়স তাতে তাঁকে আগামী মরশুমে কেকেআর রাখবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।

একইভাবে রুতুরাজ গায়োকোয়াড়ের জন্যও আইপিএল ২০২৬ হতাশাজনক ছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি রান করলেও তাঁর ব্যাটিংয়ে আগ্রাসনের অভাব চোখে পড়েছে। ওপেনার হিসেবে পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলতে না পারা সিএসকের সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ফলে তাঁর নেতৃত্ব নিয়েও নতুন করে ভাবছে দল। এই প্রথমবার সিএসকে পরপর ৩ মরশুম প্লেঅফে পৌছতে পারল না। ফলে রুতুরাজের নেতৃত্ব থাকে কিনা সেটাই দেখার।

তবে সবটাই এখনও জল্পনার পর্যায়ে। আইপিএলের মতো প্রতিযোগিতায় এক মরশুমেই ছবিটা বদলে যেতে পারে। তবু এটা স্পষ্ট যে আগামী মরশুমের আগে বেশ কিছু দল অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবতে পারে। কারণ কখনও কখনও দলের ভালোর জন্য বড় সিদ্ধান্ত নিতেই হয়, আর সেই সিদ্ধান্ত একজন ক্রিকেটারের কেরিয়ারকেও নতুন দিশা দেখাতে পারে।

(Feed Source: news18.com)