প্রজন্মের পর প্রজন্ম আমরা মানুষকে বিনোদন দেওয়া ছাড়া আর কিছু করতে পারিনি: প্রসেনজিৎ

প্রজন্মের পর প্রজন্ম আমরা মানুষকে বিনোদন দেওয়া ছাড়া আর কিছু করতে পারিনি: প্রসেনজিৎ

কলকাতা: দীর্ঘ চার দশকেরও বেশি অভিনয় জীবনে ৪০০-এর বেশি সিনেমায় অভিনয়। পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আজ দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হাত থেকে পুরস্কার নিলেন তিনি।  দীর্ঘ চার দশকেরও বেশি অভিনয় জীবনে, ‘মনের মানুষ’ থেকে ‘চোখের বালি’, ‘অটোগ্রাফ’ থেকে ‘জাতিস্মর’ সহ অভিনয় করেছেন প্রায় ৪০০ ছবিতে। বাঙালি শিল্পীর তৈরি পোশাক পরে, আবেগে ভাসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুতোর কাজ করা পাঞ্জাবিতে সেজেছিলেন প্রসেনজিৎ। এদিন বিশেষ সম্মানে সম্মানিত হয়ে কী বললেন তিনি?

পদ্মশ্রী সম্মান নিয়ে কী বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

এদিন IANS-কে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আজ আমি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছি। আমি ভীষণ খুশি। ৪০ বছর ধরে সিনেমা করছি, কেরিয়ার নিয়ে কাজ করেছি। ৪০০-র বেশি ছবিতে কাজ করেছি। আমার দর্শকদের কাছে, আমার দেশের মানুষদের আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, সর্বপোরি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমায় এই সম্মান প্রদান করেছেন। আমার খুশি প্রকাশ করার ভাষা নেই। আমার মনে হয়, সিনেমা এমন একটা জিনিস যেটা থেকে যায়। আমার বাবাও অভিনেতা ছিলেন। আমার ছেলেও অভিনয়ে আসবে। আমাদের পরিবারের পুরুষেরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছে। এর বাইরে আমরা কিছু করতে পারিনি। সিনেমা বদলাচ্ছে.. সরকার ও আমাদের ভীষণ সাহায্য করছেন। স্বাধীন পরিচালকদেরও সাহায্য করছেন।  আমি বিশ্বাস করি আমাদের ভারতীয় সিনেমাও খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক মানে পৌঁছে যাবে। ভারতীয় সিনেমা মানে শুধু হিন্দি সিনেমা নয়। আরও বিভিন্ন ভাষায় ভাল ভাল কাজ হচ্ছে। আগামী প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা আরও বেশি সুযোগ পাবে বলে মনে হয়।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, ‘এটা আমি অবশ্যই উল্লেখ করতে চাইব যে, ‘আমাদের বিভিন্ন ভাষায় যা যা সিনেমা হচ্ছে, সেখানে অনেক রকমের ট্যালেন্ট রয়েছে। এই সমস্ত ট্যালেন্টকে আস্তে আস্তে একটা মঞ্চে নিয়ে আসতে হবে। গোটা পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি সিনেমা বানাই। এই ট্যালেন্ড শুধুমাত্র হিন্দি সিনেমার নয়.. বিভিন্ন ভাষার সিনেমার। বিভিন্ন ভাষাভাষীর অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন ভাষায় কাজ করবেন.. তবেই তো আরও ভাল সিনেমা তৈরি হবে।’

(Feed Source: abplive.com)