)
Wine Shop Owner Serves Alcohol: মদের দোকানের মালিক ফ্রি-তে বিতরণ করলেন ভডকা দেওয়া বরফ গোলা! শহরের এই চেনা এলাকায় ভাইরাল হয়ে গেল ‘মদের লঙ্গর’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল দাবদাহে পুড়ছে পঞ্জাব। চল্লিশের উপরেই থাকছে তাপমাত্রা। রাজধানী চণ্ডীগড়ে আবার হিটওয়েভ অ্যালার্ট। তপ্ত দিনের কাঠফাটা রোদ্দুরে পথচারীদের প্রাণ জোড়াতে এক মদের দোকানদার ‘এগিয়ে এসেছেন’। তাঁর ব্র্যান্ড প্রমোশনের অভাবনীয় ও মারাত্মক কৌশল ভাইরাল হয়ে গিয়েছে।
চণ্ডীগড়ের সেক্টর নাইনে রয়েছে লিকার ওয়ার্ল্ড (Liquor World)। সেই দোকানের মালিক রাকেশ সচদেব যা করেছেন, তা অভাবনীয়। তিনি দোকানের সামনেই ছোট ছোট স্টল দিয়েছেন। আর সেখানে বরফ গোলায় জাম ফ্লেভারের ভডকা ঢেলে বিতরণ করছেন তিনি। ফ্রি-র মদে পিপাসুদের মুখে ফুটে উঠেছে বিশ্বকাপ জয়ের হাসি। তাঁর কর্মকাণ্ডের ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল।
রাকেশের গিমিক ক্ষণস্থায়ী ছিল। দোকানের ৩০০ মিটারের মধ্যেই রয়েছে থানা। খবর পৌঁছতে বেশিক্ষণ লাগেনি। চণ্ডীগড় পুলিস দোকানের মালিকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। অনুমতি ব্যতীত প্রকাশ্যে মদ্য পরিবেশনের অপরাধে রাকেশকে ভারতীয় ন্যায় সংহিতা এবং পঞ্জাব আবগারি আইনের একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে। পুলিস রাকেশকে হেফাজতে নিয়েছিল। তবে চলতি তদন্ত সাপেক্ষে পরে তাঁকে জামিন দেওয়া হয়েছে।
লিকার ওয়ার্ল্ড হল রিটেইল স্পিরিট স্টোর্সের প্রিমিয়ম চেইন। যা মূলত চণ্ডীগড় ও পাঞ্জাব জুড়ে চলে। আন্তর্জাতিক ও দেশীয় মদের ব্র্যান্ডের বিশাল ও অভিজাত সংগ্রহের জন্য সুপরিচিত। এই ঘটনায় লিকার ওয়ার্ল্ডের মুখ পুড়েছে
(Feed Source: zeenews.com)
