
Viral Child Artist: মাকে কোনও দিন অসুস্থ হতে দেখেনি ছেলে। মায়ের পাশে বসে তার গান এখন ভাইরাল। শিশুর হৃদয়স্পর্শী কণ্ঠস্বর মন ছুঁয়ে গিয়েছে
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গরমের ছুটিতে দক্ষিণ ভারতের ভেলোরে অপারেশন হয় মায়ের। ছোট থেকেই মাকে অসুস্থ অবস্থায় দেখেনি কোনওদিন। তাই মায়ের কাছে বিছানায় বসে গান গাইল ছোট্ট ছেলে। সেই গান মুহূর্তের মধ্যে ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। মা’কে নিয়ে ছোট্ট ছেলের গাওয়া গান প্রায় ২২ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। আর এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। ছেলেটির অসাধারণ গলা ও মায়ের প্রতি ভালবাসায় মুগ্ধ সকলে। প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। মা-অন্ত-প্রাণ ছেলের ভাবনা ও ভালবাসা ভাবিয়ে তুলেছে সকলকে।
কয়েক দিন হল বাড়ি ফিরেছেন মা। এখনও মায়ের কাছে বসেই গান গাওয়া, মায়ের আদর নেওয়া সবই করছে ছোট্ট এই ছেলে। বছর ১৩-র অনিমিখ দাঁতন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। পড়াশোনা, গান এমনকি ছবি আঁকাতেও বেশ পারদর্শী এই ছেলে। চার বছর বয়স থেকে তার গান শেখা। বাড়িতে মা পাশে বসলেও, তার বাবা আনন্দ তাকে গান শেখান। এখন পেশাদার শিল্পীদের থেকে গানের তালিম নেয় আনিমিখ। রবীন্দ্র সঙ্গীত থেকে আধুনিক গান, তার গলায় যেন আলাদা মাধুর্য পায়। একাধিক রিয়েলিটি শো’তে গান গেয়ে পেয়েছে পুরস্কার। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত আমন্ত্রিত অতিথি হিসেবে গান পরিবেশন করে। বড় হয়ে নাম করা শিল্পী হতে চায় অনিমিখ। ইতিমধ্যে তার এই প্রতিভা পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। মা-অন্ত-প্রাণ শিশু সঙ্গীতশিল্পীর গানের গলা মুগ্ধ করেছে সকলকে।
(Feed Source: news18.com)
