Ram Rahim Gets Parole: ১৬ বার জেলের বাইরে! ৪ মাসের মধ্যেই ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, এবার ৩০ দিনের

Ram Rahim Gets Parole: ১৬ বার জেলের বাইরে! ৪ মাসের মধ্যেই ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, এবার ৩০ দিনের

 

Rape Convict Gurmeet Ram Rahim: এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও তাকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছিল। এপ্রিল মাসে ২১ দিনের প্যারোল। অগস্টে ৪০ দিনের প্যারোল। ২০২৬ সালের জানুয়ারিতে আবার ৪০ দিনের ছুটি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্ষণ এবং খুনে সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের ফের ছুটি মঞ্জুর হল। হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল কর্তৃপক্ষ ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছেন তাকে। আগামী ২৪ জুন আবার জেলে ফিরতে হবে ডেরা প্রধানকে। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তিনি জেল থেকে বেরিয়ে সোজা রওনা দেন সিরসায় অবস্থিত ডেরা সদর দফতরের উদ্দেশ্যে। ২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড হওয়ার পর এই নিয়ে ১৬ বারের মতো তাকে প্যারোল দেওয়া হল।

সূত্রের খবর, ধর্ষণ ও যৌন কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে এই নিয়ে মোট ১৬ বার প্যারোল বা অস্থায়ী মুক্তি পেলেন রাম রহিম। বার বার ডেরাপ্রধানকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে,তা নিয়ে কম বিতর্ক হয়নি। এ বারও রাম রহিমকে মুক্তি দেওয়ায় বিতর্ক মাথাচাড়া দিতে শুরু করেছে হরিয়ানা সরকারের বিরুদ্ধে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও তিনি একই রকমভাবে প্যারোল পেয়ে জেলের বাইরে এসেছিলেন।

৫৭ বছরের রাম রহিমের বিরুদ্ধে ২০০২ সালে ডেরার প্রাক্তন রাজ্য কমিটি সদস্য রণজিৎ সিংকে খুনের অভিযোগ ছিল। ওই মামলায় নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করলেও ২০২৪ সালের মে মাসে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট তাঁকে বেকসুর খালাস করে। তবে দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০১৭ সালে নিম্ন আদালত যে ২০ বছরের সাজা শোনায়, তা এখনও বহাল রয়েছে। যদিও রাম রহিমের আইনি দলের দাবি, কারাগারের নিয়ম মেনে এবং ভালো আচরণের ভিত্তিতেই তাকে এই আইনি সুবিধা দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত কতবার প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম? 

হরিয়ানার সুনারিয়া জেলে বন্দি হওয়ার পরে ২০২০ সালের ২৪ অক্টোবর প্রথমবার প্যারোলে এক দিনের মুক্তি দেওয়া হয় রাম রহিমকে। তার পরে ২০২১ সালের মে মাসে, ২০২২ সালের ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর প্যারোলে ছাড়া হয় রাম রহিমকে। ফের ২০২৩ সালের জানুয়ারি, জুলাই, নভেম্বরে, ২০২৪ সালের জানুয়ারি, অগস্ট, অক্টোবর, ২০২৫ সালের জানুয়ারি, এপ্রিল, অগস্টে অস্থায়ী মুক্তি পান তিনি। এর পরে ফের ২০২৬ সালের জানুয়ারিতে ৪০ দিন এবং মে মাসে ৩০ দিনের জন্য মুক্তি দেওয়া হয় রাম রহিমকে।

(Feed Source: zeenews.com)