প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে, অসুস্থতা জানতে দেননি কাউকে

প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে, অসুস্থতা জানতে দেননি কাউকে

 

মুম্বই: প্রয়াত অভিনেতা রমাকান্ত দায়মা। একসময় হিন্দি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। দাপিয়ে অভিনয় করেছেন হিন্দি সিরিয়ালেও। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। শাহরুখ খানের সঙ্গে ‘চক দে! ইন্ডিয়া’ ছবিতেও অভিনয় করেছিলেন রমাকান্ত। তাঁর অভিনয় বরাবর সমাদর পেত। (Ramakant Dayama Dies)

রমাকান্তের সহ-শিল্পী শুভাঙ্গী লটকর একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে গলা খুলে গান গাইতে,নাচতে শোনা গিয়েছে রমাকান্তকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। রমাকান্তের মৃত্যুতে দীর্ঘ একটি লেখা পোস্ট করেছেন শুভাঙ্গী, যাতে তিনি লেখেন, ‘আজ একটি সুন্দর আত্মাকে হারালাম। আমি বাকরুদ্ধ। রমাকান্ত দায়মা শুধুমাত্র ভাল বন্ধু ছিলেন না, আমার পারিবারিক মিত্র। গভীর শ্রদ্ধা করতাম ওঁকে। অসম্ভব প্রাণবন্ত মানুষ, সবসময় চাঙ্গা। প্রতিকূলতা সত্ত্বেও জীবনকে উপভোগ করতে জানতেন’। (Bollywood News)

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন রমাকান্ত। শরীরও বেশ নুয়ে পড়েছিল বলে জানিয়েছেন শুভাঙ্গী। তবে ঠিক কী হয়েছিল অভিনেতার, তা জানা যায়নি। শুভাঙ্গীর কথায়, ‘কিছু ক্ষতি অদ্ভুত নীরবতা রেখে যায়, যা ভাষায় বোঝানো সম্ভব নয়। আজ তেমনই একটি দিন। জানি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু মন আশাহত হতে চায় না। হয়ত ক্ষীণকায় দেখাত ওঁকে, কিন্তু খুব শক্ত মানুষ ছিলেন উনি, আমার দেখা অন্যতম সাহসী মানুষ’।

ঠিক কী হয়েছিল রমাকান্তর, তা এখনও স্পষ্ট নয়। তবে বিনোদন জগতের অনেকেই শ্রদ্ধার্ঘ জানিয়েছেন, শোকপ্রকাশ করেছেন। CINTAA-র তরফেও শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে রমাকান্তকে। 

দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবন রমাকান্তের। একাধিক ছবিতে পার্শ্বচরিত্রেও অভিনয় করেছে তিনি। শাহরুখ, অক্ষয় কুমারের মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ‘Scam 1993’, ‘Crew’, ‘Farzi,’ ‘Ram Setu’, ‘Brothers’, ‘The Trial’-এ দেখা গিয়েছে তাঁকে। 

রমাকান্তের কন্যা যশশ্বিনী দায়মাও অভিনেত্রী। আলিয়া ভট্ট এবং শাহরুখ খানের সঙ্গে ‘Dear Zindagi’ ছবিতে অভিনয় করেছেন। ‘Bhoot Police’, ‘The Odds?’, ‘Phobia’-তেও দেখা গিয়েছিল। ওয়েবসিরিজ ‘Adulting’, ‘Made in heaven’, ‘Delhi Crime’, ‘Bandish Bandits’-এ অভিনয় করেছেন।  

(Feed Source: abplive.com)