INDIAN CRICKET BIG BREAKING NEWS: অবসরের চমকে দেওয়া ঘোষণার পরেই দেশান্তরের চাঞ্চল্যকর পদক্ষেপ! আইপিএলের মাঝেই ভারতীয় তারকাকে নিয়ে শোরগোল

INDIAN CRICKET BIG BREAKING NEWS: অবসরের চমকে দেওয়া ঘোষণার পরেই দেশান্তরের চাঞ্চল্যকর পদক্ষেপ! আইপিএলের মাঝেই ভারতীয় তারকাকে নিয়ে শোরগোল

 

Vijay Shankar joins Lanka Premier League: অবসরের চমকে দেওয়া ঘোষণার পরেই এবার দেশান্তরের চাঞ্চল্যকর পদক্ষেপ নিলেন ভারতীয় ক্রিকেটার। আইপিএলের মাঝেই চলে এল বিরাট আপডেট।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২২ মে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল থেকে আনুষ্ঠানিক ভাবে অবসর নেন বিজয় শঙ্কর (Vijay Shankar)। মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই দূরে ছিলেন তিনি এবং সর্বশেষ ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন 3D ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় বিদায়ী বিবৃতিতে ৩৫ বছরের তামিলনাড়ুর ক্রিকেটার লম্বা পোস্ট করেছিলেন। তবে অবসর ঘোষণার চারদিনের মধ্যেই এবার দেশান্তরের চাঞ্চল্যকর পদক্ষেপ নিলেন। ভারত ছেড়ে এবার শ্রীলঙ্কার হয়ে খেলবেন! লঙ্কা প্রিমিয়র লিগে (Lanka Premier League 2026) নাম লিখিয়ে ফেললেন তিনি। ১৭ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত শ্রীলঙ্কায় হবে এলপিএলের (LPL 2026) ষষ্ঠ সংস্করণ। সেখানেই দেখা যাবে বিজয়কে। তিনি ক্যান্ডি রয়্যালসে নাম লিখিয়েছেন। দলে ইংল্যান্ডের মঈন আলী (Moeen Ali) ছাড়াও রয়েছেন শ্রীলঙ্কার দুই স্টার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা (Angelo Mathews and Wanindu Hasaranga)

বিজয় অবসরের প্রসঙ্গে যা লিখেছিলেন

বিজয় তাঁর অবসরে লিখেছিলেন, ‘ক্রিকেটই আমার জীবন। মাত্র ১০ বছর বয়সে আমি খেলা শুরু করেছিলাম। ২৫ বছর পর আজ আমি অত্যন্ত কৃতজ্ঞ ও ধন্য যে, ক্রিকেটের প্রতিটি স্তরে, এমনকী সর্বোচ্চ পর্যায়েও খেলার সুযোগ পেয়েছি। দেশের প্রতিনিধিত্ব করাটা আমার জীবনের অন্যতম গর্বের ও আনন্দের মুহূর্ত হিসেবে চিরকাল অম্লান হয়ে থাকবে। নতুন নতুন সুযোগ অন্বেষণ করতে এবং আরও বেশি ক্রিকেট খেলার লক্ষ্যে আমি ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি যা ভালোবাসি তা করার সুযোগ করে দেওয়ার জন্য কেবল ধন্যবাদ জানালে তা যথেষ্ট হবে না। আমি চিরকৃতজ্ঞ। বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট দলের প্রতি আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ। তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। অজস্র স্মৃতি সঞ্চয় করেছি এবং বিবিধ অনুপ্রেরণা লাভ করেছি! দেশের প্রতিনিধিত্ব করাটাই আমার কাছে সর্বোচ্চ সম্মানের প্রতীক হয়ে থাকবে। নাগপুরে ভারতের ৫০০তম ওডিআই ম্যাচের শেষ ওভার বল করা এবং ২০১৯ বিশ্বকাপের আসরে আমার প্রথম বলেই প্রথম উইকেট শিকার করার মুহূর্তগুলি আমি চিরকাল হৃদয়ে লালন করব!’

বিজয়ের বিশ্বকাপ অকালেই শেষ

যদিও বিজয়ের ২০১৯ সালের বিশ্বকাপ যাত্রা পায়ের আঙুলের চোটের কারণেই অকালে শেষ হয়ে যায়। দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ ছিল ২০১৯ সালে ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। চোট থেকে সেরে ওঠার পর জাতীয় দলে নিজের জায়গা ফিরে পেতে বেশ সংগ্রাম করতে হয়েছিল। ঘরোয়া কেরিয়ারের অধিকাংশ সময় বিজয় তামিলনাড়ুর হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং ২০২৫-২৬ মরমুমের আগে তিনি ত্রিপুরা দলে যোগ দেন। আইপিএল কেরিয়ার জুড়ে চার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বিজয়। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সিএসকে-র হয়ে তিনি খেলেছেন ২০১৪ সালে। সানরাইজার্সের হয়ে তাঁর খেলার সময়কাল ছিল ২০১৭ সাল এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত। ২০১৮ সালে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিলেন গুজরাট টাইটান্সে। চলতি আইপিএল কোনও দলই তাঁকে নেয়নি। ২০১২ সালে অভিষেকের পর থেকে নিজের কেরিয়ারে বিজয় ৭৭টি প্রথম-শ্রেণির ম্যাচ, ১১২টি লিস্ট এ ম্যাচ এবং ১৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম-শ্রেণির ক্রিকেটে তিনি ৪৬.৭৩ গড়ে ৪,২৫৩ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি। পাশাপাশি তিনি ৪৩ উইকেটও নিয়েছেন। লিস্ট এ ক্রিকেটে তিনি মোট ২৭৯০ রান করেছেন এবং ৭৩টি উইকেট নিয়েছেন। অন্যদিকে ১৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ২৫৮৩ রান ও ৩৮টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন।

(Feed Source: zeenews.com)