CM Vijay Meets PM Modi: তামিলনাড়ুর সরকারি অনুষ্ঠানগুলিতে প্রোটোকল অনুসরণে অসামঞ্জস্য নিয়ে বিজয় উদ্বেগপ্রকাশ করেছেন। তিনি কেন্দ্রের কাছে এ বিষয়েও স্পষ্টীকরণ চেয়েছেন যে, রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলি ‘তামিল থাই ভাঝথু’ দিয়ে শুরু করার প্রতিষ্ঠিত প্রথাটি কোনও বিচ্যুতি ছাড়াই চলতে পারে কি না।
মোদির সঙ্গে দেখা করলেন জে বিজয়
নয়াদিল্লি: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পরে প্রথমবার দেশের রাজধানী নয়াদিল্লিতে পা রাখলেন সি জোসেফ বিজয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। চলতি মাসের শুরুতে মুখ্যমন্ত্রীর পদ গ্রহণের পর এটিই ছিল তামিলগা ভেট্রি কাজাগম (টিভিকে)-র প্রধান বিজয়ের প্রথম সরকারি দিল্লি সফর।
বৈঠকে বিজয় প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন তিনি৷ সূত্রের খবর, ওই স্মারকলিপিতে তামিলনাড়ুর দীর্ঘদিনের একাধিক দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ছিল কল্যাণমূলক ও পরিকাঠামো প্রকল্পের জন্য আর্থিক সহায়তা, গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন এবং বিতর্কিত মেকেদাতু জলবিবাদে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি।
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের তীব্র বিরোধিতা করেন এদিন। তিনি জানান, এই প্রকল্পের ফলে তামিলনাড়ুর পানীয় জল ও সেচ ব্যবস্থার উপর বিরূপ প্রভাব পড়বে। তাই কাবেরী নদীর জলের ওপর তামিলনাড়ুর অধিকার রক্ষা করা জরুরি। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, তামিলনাড়ুর সম্মতি ছাড়া যেন মেকেদাতু প্রকল্পের কোনও অনুমোদন না দেওয়া হয়।
তামিলনাড়ু সরকার কেন্দ্রের কাছে চলমান উন্নয়নমূলক কাজের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা এবং নগর পরিকাঠামো, পরিবহন ও শিল্প সম্প্রসারণ সংক্রান্ত প্রকল্পগুলির দ্রুত অনুমোদনও চেয়েছে।
মেকেদাতু ইস্যুটি বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল। এই বিবাদের কেন্দ্রবিন্দু কর্ণাটকের প্রস্তাবিত কাবেরী নদীর উপর মেকেদাতু ব্যালান্সিং রিজার্ভার প্রকল্প। তামিলনাড়ুর দাবি, এই প্রকল্পের ফলে রাজ্যের প্রাপ্য কাবেরীর জল কমে যেতে পারে। বহু বছর ধরেই এই বিষয়টি দুই দক্ষিণী রাজ্যের মধ্যে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু হয়ে রয়েছে।
এর আগেও বিজয় প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে মেকেদাতু প্রকল্পের অনুমোদন না দেওয়ার আবেদন জানিয়েছিলেন এবং কাবেরী ট্রাইব্যুনালের কাঠামোর মধ্যে তামিলনাড়ুর জলাধিকার রক্ষার দাবি তুলেছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বিজয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গেছে। সেখানে তিনি বিভিন্ন রাজ্য প্রকল্পের জন্য আর্থিক সহায়তা এবং তামিলনাড়ুর জন্য আরও বেশি কেন্দ্রীয় বরাদ্দের দাবি তুলবেন।
এছাড়াও, বিজয়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি, বৃহত্তর রাজনৈতিক আলোচনার অংশ হিসেবে তিনি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির সঙ্গেও বৈঠক করতে পারেন।
রাজনীতিতে যোগ দেওয়ার আগে বিজয় ছিলেন তামিল চলচ্চিত্র জগতের অন্যতম বড় তারকা। তিনি ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে Tamilaga Vettri Kazhagam গঠন করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসেন।
সরকারবিরোধী প্রবল জনমত, জনকল্যাণমুখী প্রচার এবং যুব ও প্রথমবারের ভোটারদের মধ্যে বিপুল জনপ্রিয়তার জোরে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে জোট সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। এরপর চলতি মাসের শুরুতেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
(Feed Source: news18.com)