মন্দিরের তালা ভেঙে চুরি, ভাঙা হয়েছে দানপাত্রও, আতঙ্কে গ্রামের মানুষ

মন্দিরের তালা ভেঙে চুরি, ভাঙা হয়েছে দানপাত্রও, আতঙ্কে গ্রামের মানুষ

 

পুরুলিয়া: পুরুলিয়ার মফস্বল থানার নদীয়াড়া গ্রামে রাধাকৃষ্ণ মন্দিরে দুঃসাহসিক চুরি । আর এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য । সোমবার ভোরে মন্দিরের এক সেবায়ত মন্দিরে এসে দেখেন, একাধিক দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । পাশাপাশি মন্দিরের ভিতর থেকে বিগ্রহের বিভিন্ন সামগ্রী, কাঁসার বাসনপত্র এবং একাধিক বাদ্যযন্ত্র চুরি গিয়েছে বলে অভিযোগ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা মন্দিরের দানপাত্রও ভেঙে দেয় । ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ভাঙা তালা ও দানবাক্সের অংশ । বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের খবর দেন মন্দিরের সেবায়ত । এরপর এলাকার বহু মানুষ মন্দিরে ভিড় জমান ।

ঘটনার খবর পেয়ে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ (West Bengal Police) ঘটনাস্থলে পৌঁছায় ও ঘটনার তদন্ত শুরু করে । কীভাবে এই চুরির ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, এই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ (West Bengal Police) সূত্রে জানা গিয়েছে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীয়াড়া গ্রামে এর আগেও একাধিকবার চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে । বারবার এই ধরনের অপরাধের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসীরা ।

এলাকাবাসীদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে । তাঁদের অভিযোগ, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের ঘটনা বারবার ঘটছে । মন্দিরে চুরির ঘটনায় পুলিশ (West Bengal Police) প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    (Feed Source: abplive.com)