‘ভূতের ভবিষ্যৎ’-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত

‘ভূতের ভবিষ্যৎ’-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত

 

কলকাতা: কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল পরিচালক অনীক দত্তর। চোখের জলে চিরবিদায় নিলেন ‘ভূতের ভবিষ্য়ৎ’-এর স্রষ্টা। ‘অপরাজিত’ পরিচালকের শেষকৃত্যে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, অনুরাগী থেকে অভিনেতা-অভিনেত্রীরা। পঞ্চভূতে বিলীন হলেন ‘ভূতের ভবিষ্য়ৎ’-এর স্রষ্টা। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে হল পরিচালক অনীক দত্তের শেষকৃত্য। চোখের জলে চিরবিদায় নিলেন ‘অপরাজিত’ পরিচালক। পিস ওয়ার্ল্ড থেকে এদিন সকাল সাড়ে ৯টায় বের করা হয় পরিচালকের দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় নন্দনে।

নন্দন থেকেই অনীককে শেষ শ্রদ্ধা

নন্দনের নামকরণ এবং নামাঙ্কন করেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। সত্য়জিৎ রায়ের ‘পথের পাঁচালি’ তৈরির নেপথ্য়কাহিনি ‘অপরাজিত’ ছবিতে তুলে ধরেছিলেন অনীক দত্ত। যদিও সেই ছবি জায়গা পায়নি নন্দনে। সেই নন্দনেই শুক্রবার সকাল থেকে, শায়িত ছিল পরিচালকের মরদেহ। নন্দনে অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানান সিনেমাপ্রেমী, সাধারণ মানুষ, অনুরাগী থেকে অভিনেতা-অভিনেত্রীরা।  নন্দন থেকে সকাল ১১টা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওয় নিয়ে যাওয়া হয় প্রয়াত পরিচালকের দেহ। এনটি ওয়ানেও পরিচালককে শেষ শ্রদ্ধা জানান অনেকে। বুধবার, হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালকের। ছাদে মেলে সুইসাইড নোট। মেয়ে সুইডেনে থাকায়, পরিচালকের দেহ শুক্রবার সকাল পর্যন্ত রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার নন্দন, এন টি ওয়ান হয়ে বেলা সাড়ে বারোটা নাগাদ শুরু হয় অন্তিম যাত্রা। শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে।

এনটি ওয়ান স্টুডিওতে রবীন্দ্রসঙ্গীতে শেষবিদায় অনীককে

আজ অনীক দত্তকে এনটি ওয়ান স্টুডিও থেকে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। আজ এনটি ওয়ান স্টুডিওতে অনীক দত্তকে শেষ বিদায় জানানো হয় রবীন্দ্রসঙ্গীত গেয়ে। বাবার প্রিয় গান গাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, কন্যা ঐশী। এদিন পরিচালককে শেষ বিদায় জানাতে জিৎ, জিতু কমল থেকে শুরু করে রুদ্রনীল সেনগুপ্ত সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা হাজির হলেও, এদিন আসেননি দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সায়নী ঘোষ, শতাব্দী রায় সহ, বেশ কিছু অভিনেতা অভিনেত্রী। স্বস্তিকা অনীক দত্তের প্রথম সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন। আশ্চর্যজনকভাবে, অনীক দত্তের শেষযাত্রায় সামিল হলেন না, ‘ভূতের ভবিষ্যৎ’-এর ‘কদলীবালা’। এলেন না সব্যসাচী চক্রবর্তী, রজতাভ দত্তেরাও। তাঁরাও অনীক দত্তের ছবিতে কাজ করেছিলেন।

(Feed Source: abplive.com)