Anik Dutta: নন্দনে দেখানো হবে অনীক দত্তের ছবি: ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের, কী বলছেন স্ত্রী-কন্যা?

Anik Dutta: নন্দনে দেখানো হবে অনীক দত্তের ছবি: ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের, কী বলছেন স্ত্রী-কন্যা?

 

Anik Dutta Film Screening: চলে গেলেন পরিচালক অনীক দত্ত। কিন্তু মৃত্যুর পরেই কাটতে চলেছে তাঁর ছবির হল না পাওয়ার জট। শুক্রবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করলেন, নন্দনে দেখানো হবে প্রয়াত পরিচালকের সব ছবি। অন্যদিকে বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “রাজনৈতিক প্রতিহিংসার শিকার অনীক।”

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবদ্দশায় নিজের তৈরি ছবির প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে বারবার নানামুখী সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সেই ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অবসান কি তবে তাঁর মৃত্যুর পর হতে চলেছে? প্রখ্যাত পরিচালক অনীক দত্তের প্রয়াণের পর সেই জটিলতা কাটারই ইঙ্গিত মিলল খোদ সরকারি স্তরে। শুক্রবার রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, নন্দনে এবার প্রয়াত পরিচালকের সমস্ত সিনেমা প্রদর্শন করা হবে।

এদিন মন্ত্রী বলেন, ‘আমাদের চার জন প্রতিনিধি আছেন— হিরণ, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ও রূপা গঙ্গোপাধ্যায়। এঁরা সকলে মিলে আলোচনা করে নন্দনে অনীক দত্তের সব সিনেমা দেখানোর ব্যবস্থা করবেন।’ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত। তিনি বলেন, ‘নন্দনে অনীকবাবুর ছবি দেখানো হবে, এটা অত্যন্ত ভাল৷’’ তবে পরিচালকের কন্যা ঐশীর দাবি আরও কিছুটা বিস্তৃত। তাঁর মতে, শুধু নন্দন কেন, সব জায়গার প্রেক্ষাগৃহেই দেখানো হোক তাঁর বাবার পরিচালিত সিনেমাগুলি।

শুক্রবার সকাল থেকেই শোকাকুল পরিবেশ ছিল কলকাতা জুড়ে। সকাল সাড়ে ৯টা নাগাদ অনীক দত্তের নিথর দেহ শায়িত রাখা হয় নন্দনে। সেখানে ‘ভূতের ভবিষ্যৎ’-এর স্রষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন চলচ্চিত্র জগতের তারকা থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা। এর পর সাড়ে ১০টা নাগাদ নন্দন থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় এনটিওয়ান (NT1) স্টুডিয়োয়। সেখানেও সমবেত ভক্ত ও সেলেব্রিটিরা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রিয় পরিচালককে।

সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে এবং সেখানেই তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। পরিচালকের শেষযাত্রার সম্পূর্ণ তত্ত্বাবধানে ছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।

অনীক দত্তের এই আকস্মিক চলে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও উঠেছে প্রতিবাদের ঝড়। এদিন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেন, ‘‘অনীক দত্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’’ তাঁর সঙ্গে পরিচালকের কথাও হয়েছিল জানিয়ে রূপা আক্ষেপ করেন যে, অনীক বড্ড তাড়াতাড়ি চলে গেলেন।

অন্যদিকে, রুদ্রনীল ঘোষের দাবি, বিগত মুখ্যমন্ত্রীর আমলে অনীকের যে সব ছবি প্রেক্ষাগৃহে দেখানোর অনুমতি দেওয়া হয়নি বা ব্রাত্য করে রাখা হয়েছিল, সেগুলি এবার সসম্মানে দর্শকদের জন্য স্ক্রিন করা হবে। লকেট চক্রবর্তীও পরিচালকের প্রয়াণকে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। টলিউড তারকা জিৎ-সহ অনেকেই প্রয়াত পরিচালকের আত্মার শান্তি কামনা করেছেন।

গত বুধবার সকালে হিন্দুস্তান পার্কের আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় অনীক দত্তের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন দুপুর ১টায় তিনি আবাসনে ঢোকেন এবং ১টা ১৫ মিনিটে তাঁর পড়ে যাওয়ার খবর জানাজানি হয়। এই ১৫ মিনিটের রহস্যভেদে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজেও পুরো ঘটনাটি ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে। ছাদের ওপর একটি পত্রিকার মধ্যে থাকা খাম থেকে পুলিশ একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে, যা অনীকের সুইডেনবাসী মেয়ের উদ্দেশ্যে লেখা। তবে নোটে তিনি কাউকেই নিজের মৃত্যুর জন্য দোষারোপ করেননি।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ছাদ থেকে পড়ার জেরে পরিচালকের দেহে এবং মস্তিষ্কে তীব্র রক্তক্ষরণ হয়েছে। তাঁর বাঁ দিকের মাথার খুলি, কোমর এবং বাঁ দিকের পাঁজর ভেঙে গিয়েছিল। এছাড়া ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল এবং শরীরে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। জীবনভর স্পষ্টবক্তা ও স্বাধীনচেতা হিসেবে পরিচিত এই পরিচালকের এমন মর্মান্তিক পরিণতি সিনেমা জগতের পাশাপাশি রাজনৈতিক মহলের সমীকরণকেও নাড়িয়ে দিয়েছে।

(Feed Source: zeenews.com)