দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে তিন তলা বাড়ি ধসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জানান, NDRF-সহ একাধিক সংস্থা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
দিল্লিতে তিনতলা বাড়িতে ধস (Representative Image)
নয়াদিল্লিঃ শনিবার, সন্ধ্যায় দিল্লির সাকেত এলাকায় একটি তিনতলা বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। দমকল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটির খবর পাওয়া যায়। দমকল বিভাগের এক আধিকারিক জানান, “ঘটনাস্থলে চারটি দমকল ইঞ্জিন পাঠানো হয়েছে। আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।”
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “সাকেত মেট্রো স্টেশনের কাছে বাড়ি ধসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। NDRF, দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, DDMA, MCD, CATS এবং সিভিল ডিফেন্সের দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সম্ভাব্য সবরকম চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং সমস্ত সংশ্লিষ্ট সংস্থা সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। উদ্ধারকাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বহুতলটি ধসে পড়ার ঠিক আগে একটি জোরালো শব্দ শোনা যায়। এরপর অল্প সময়ের মধ্যেই ভবনটি ভেঙে পড়ে। ধুলোয় ঢেকে যায় আশপাশের এলাকা এবং চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। কীভাবে বহুতলটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধারকাজই এখন অগ্রাধিকার। পরে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
(Feed Source: news18.com)