যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি Institute of Eminence (IoE) মর্যাদা পায় , তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কিছু বড় সুবিধা মিলবে। কী সেই সুবিধা? জেনে নিন ৷
পালাবদলের রাজ্যে এবার ‘গেম চেঞ্জার’ যাদবপুর বিশ্ববিদ্যালয় (File Photo)
সোমরাজ বন্দ্যোপাধ্যয়, কলকাতা: পালাবদলের রাজ্যে এবার ‘গেম চেঞ্জার’ যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা ফিরিয়ে নিতে এবার নীতি আয়োগের বৈঠকে প্রস্তাব রাখার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। তৃণমূল সরকারের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা দিতে চাইলেও সেই সময় আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়ায় রাজ্যের কাছে। এবার সেই বিশ্ববিদ্যালয়ের জন্যই নীতি আয়োগের বৈঠকে বিশেষ প্রস্তাব রাখা হতে পারে বলে সূত্রের খবর।
আগামী ১১ জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের সময় অর্থ সমস্যার জন্য ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হারায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফের সেই তকমা ফিরিয়ে দেওয়া নিয়ে এবার সচেষ্ট নয়া সরকার।
কী সমস্যা হয়েছিল ইনস্টিটিউট অফ এমিনেন্স দেওয়া নিয়ে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে Institute of Eminence (IoE) মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মূল বিতর্ক ছিল অর্থ নিয়ে।
কী বলেছিল কেন্দ্র সরকার?
২০১৯ সালে কেন্দ্রের তৎকালীন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক (MHRD) পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানায় যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জমা দেওয়া প্রস্তাব অনুযায়ী ৫ বছরে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে উন্নীত করতে প্রায় ৩,০০০ কোটি টাকার প্রয়োজন হবে।
কেন্দ্র জানায়, IoE প্রকল্পের নিয়ম অনুযায়ী তারা সর্বাধিক ১,০০০ কোটি পর্যন্ত অনুদান দিতে পারবে। বাকি অর্থের বড় অংশ রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়কেই বহন করতে হবে।
সেই হিসাবে পশ্চিমবঙ্গ সরকারকে প্রায় ২,০০০ কোটি টাকার আর্থিক প্রতিশ্রুতি দিতে বলা হয়েছিল। কেন্দ্র স্পষ্ট করে দেয়, রাজ্য যদি এই অর্থ দিতে রাজি না হয়, তাহলে অপেক্ষমাণ তালিকার অন্য বিশ্ববিদ্যালয়কে IoE মর্যাদা দেওয়া হতে পারে।
রাজ্য সরকারের আপত্তি কী ছিল?
রাজ্য সরকার অভিযোগ করেছিল যে, রাজ্যকে এত বড় অঙ্কের অর্থ দেওয়ার শর্তটি শেষ মুহূর্তে চাপানো হয়েছে। পরে রাজ্য সরকার মূল প্রকল্প ব্যয় কমিয়ে প্রথমে ১,০১৫ কোটি এবং পরে ৬০৬ কোটি টাকার সংশোধিত প্রস্তাব পাঠায়। ওই প্রস্তাবে বলা হয়, মোট ব্যয়ের ২৫ শতাংশ বিশ্ববিদ্যালয় নিজেই জোগাড় করবে।
এরপর কী হয়?
কেন্দ্রের বক্তব্য ছিল, বাজেটের পরিমাণ এতটা কমিয়ে দেওয়ায় প্রকল্পের লক্ষ্য ও মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি পুনরায় UGC ও বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হয়।
পরে UGC ও বিশেষজ্ঞ কমিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে IoE মর্যাদা না দেওয়ার সুপারিশ করে। ফলে বিশ্ববিদ্যালয়টি শেষ পর্যন্ত ‘Institute of Eminence’ মর্যাদা পায়নি।
(Feed Source: news18.com)