বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা ঘোষের নতুন সিরিয়াল এসেছে, নাম অন্নপূর্ণার লক্ষ্মীরা৷ এর আগে তাঁর সুপারহিট সিরিয়াল অনুরাগের ছোঁয়ায় দীপার চরিত্রে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন৷
দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মেয়ে, এখন বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। অনুরাগের ছোঁয়া থেকে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে৷ এবার এসেছে তাঁর নতুন সিরিয়াল অন্নপূর্ণার লক্ষ্মীরা৷
‘অনুরাগের ছোঁয়া’-র দীপা ওরফে স্বস্তিকা ঘোষ এবং ‘জগদ্ধাত্রী’-র হিরো স্বয়ম্ভূ থুড়ি সৌম্যদীপ মুখোপাধ্যায় জুটি বেঁধেছেন ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে। ছোটপর্দায় এই নতুন জুটির উপর নজর রয়েছে দর্শকদের৷
বয়স অনেকটা ছোট স্বস্তিকার, মাত্র ২১ বছর বয়স৷ এই বয়সে অনেকটা লাইমলাইটে তিনি৷ তাঁর এই জার্নিটা একেবারে সোজা ছিল না৷ পড়াশুনায় খুব বেশি আগ্রহ ছিল না৷ ভালবাসতেন নাচ-গান করতেই৷ অভিনয় করার স্বপ্ন দেখতেন৷ সেই মতো কলকাতায় আসতেন অডিশন দিতে৷ অনেক কষ্ট করেছেন৷ ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে জার্নি করে কলকাতায় এসে অডিশন দিতেন তিনি৷
কারণ তিনি নিজে বিশ্বাস করতেন যে একদিন তিনি অভিনেত্রী হবেন৷ সেই সঙ্গে ছিল বাড়ির বড়দের আশীর্বাদ৷ বাবা-মাও সবসময় তাঁর পাশে থেকেছেন৷
ছোট থেকে বাড়িতে ছিল সাংস্কৃতিক পরিবেশ৷ বাবা এবং মা, দু’জনেই গানের সঙ্গে যুক্ত৷ স্বস্তিকা নিজে শিখেছেন ভরতনাট্যম৷ ফোর্থ ইয়ার শেষ করেছেন তিনি৷ নাচতে খুব ভালবাসেন৷ অবসর সময়ে এখনও নাচ প্র্যাকটিস করেন৷ তবে মেগা সিরিয়ালে কাজ করার ফলে সেভাবে অবসর সময় পান না৷ আর যতটা সময় পান, তা ঘুমিয়ে কাটাতে পছন্দ করেন স্বস্তিকা৷
‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিক দিয়ে তাঁর অভিনয় জীবনে পথচলা শুরু। এরপর সুপারহিট মেগা সিরিয়াল অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তিনি ছিলেন দীপা চরিত্রে৷ দীপা এবং সূর্যের প্রেম ছিল টিআরপি-র সেরা৷ তাঁদের বাস্তবের প্রেম নিয়েও অনেক আলোচনা হয়েছে৷ যদিও সে নিয়ে জল্পনা চললেও খুব বেশি কথা এগোয়নি৷ আপাতত সেই সিরিয়াল শেষ৷ দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলেছে সেই সিরিয়াল৷ এখন দীপা ওরফে স্বস্তিকার নতুন ধারাবাহিক অন্নপূর্ণার লক্ষ্মীরা৷
রায়দিঘির বাড়িতে বেশি যেতে পারেন না স্বস্তিকা৷ সেখানে রয়েছে তাঁর মা, দিদি, ভাই ও ঠাকুমা৷ টালিগঞ্জে এখন তাঁর সঙ্গে বাবা থাকেন৷ বাবার সঙ্গেই তিনি অডিশন দিতে আসতেন৷ এখন বাড়ির লোক তাঁকে প্রতিদিন টেলিভিশনের প্রাইম টাইমে দেখেন৷ মেয়েকে এভাবে দেখে গর্বিত বাড়ির সকলে৷
(Feed Source: news18.com)
