জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকায় অবৈধভাবে বসবাস এবং বাণিজ্যিক ট্রাকচালক হিসেবে কাজ করার অভিযোগে ৩০ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, শীঘ্রই তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। গ্রেফতার করেছে আমেরিকার ‘কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) বিভাগ।
১১ থেকে ১৫ মে অ্যারিজ়োনার ইউমা সেক্টরে পরিচালিত ‘অপারেশন চেকমেট’-এ মোট ৫২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩৬ জন সেমি-ট্রাক চালক হিসেবে কাজ করছিলেন। যার মধ্যে ৩০ জন ভারতীয়। বাকিরা মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক। তাদের কাছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল। তবে কয়েকজনের কাছে কোনও ধরনের ড্রাইভিং লাইসেন্সই ছিল না।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মসনদে বসার পর থেকই আমেরিকায় শুরু হয়েছে ‘অনুপ্রবেশকারী হঠাও অভিযান’। শয়ে শয়ে অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই অভিযানেরই অংশ ‘অপারেশন চেকমেট’। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক যান চালানোর সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন ট্রাকচালক গ্রেফতার ও অভিযুক্ত হয়েছে।
এই অভিযানের মূল লক্ষ্য হল অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং দেশে বৈধ কাগজপত্র বা আইনি স্বীকৃতি ছাড়া যারা বাণিজ্যিক যানবাহন (যেমন ট্রাক বা বাস) চালাচ্ছেন, তাদের চিহ্নিত করা। সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত চালকদের জড়িত থাকার বেশ কয়েকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে কর্তৃপক্ষ নজরদারি ও কড়াকড়ি আরও বাড়িয়ে দিয়েছে।
(Feed Source: zeenews.com)