)
IPL 2026 BIGGEST CONTROVERSY: আইপিএল ২০২৬ দেখেছে একাধিক বিতর্ক। আর এবার আরেক বিতর্ক মাথা চাড়া দিয়েছে লিগ শেষ হওয়ার পর। খোদ মুম্বই ইন্ডিয়ান্সই নাকি প্লেয়ারকে টাকা দেয়নি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians); চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে আইপিএলের যুগ্ম সফল ফ্র্যাঞ্চাইজি। পাঁচবারের চ্যাম্পিয়ন টিম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited, RIL) মালিকানাধীন। এই মুহূর্তে যাদের মূল্যায়ন করা হচ্ছে ১৮ হাজার ৪০০ কোটি টাকা থেকে ২১ হাজার ৭০০ কোটি টাকার মধ্যে! তারা নাকি ২ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও অর্ধেক টাকা দিয়েছেন মিচেল স্যান্টনারকে (Mitchell Santner)! এমনই অভিযোগ নিউ জিল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়কের!
স্যান্টনার গ্রেড ক্রিকেটার পডকাস্টে এসে বলেছেন, ‘মুম্বই আমাকে আমার হাফ টাকা দিয়েছে! একটু গায়েই লেগেছে বিষয়টা। আমি মুম্বই গেলাম, প্রথম ম্যাচ মিস করলাম, কারণ তখন আমার দ্বিতীয় সন্তানের জন্ম নিয়েছিল। তবে বিমান থেকে নেমেই সোজা মাঠে চলে গিয়েছিলাম, দিল্লির বিরুদ্ধে খেললাম। সেখানেই আমার ডান কাঁধে চোট লাগল। যার ফলে প্রায় এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাই। এর কয়েক ম্যাচ পরেই আমি দলে ফিরলাম। কিন্তু এবার বাঁ-কাঁধে চোট পেলাম এবং শেষমেশ দেশে ফিরে আসতে হল। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে আমার দু’কাঁধেই চোট লাগল। তাই আমি ভেবেছিলাম যে আমি যাদের জন্য নিজের বাজি রাখলাম, কিন্তু তারাই…’
বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাদের পরিচালনায় আইপিএলও বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ। সেখানে কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারের টাকা মেরে দেওয়ার ঘটনা বিরলতম বললেও কম। এমনটা প্রায়ই পাকিস্তান সুপার লিগ বা বাংলাদেশ প্রিমিয়র লিগে হয়ে থাকে। কিউয়ি স্টার অলরাউন্ডারকে গতবছর ২ কোটি টাকায় (বেস প্রাইজে) কিনেছিল মুম্বই। এই বছর রিটেইন করেছিল। ২০২৬ সালের আইপিএলে মুম্বইয়ের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলার পরই ছিটকে যান টুর্নামেন্ট থেকে। কাঁধের চোটের কারণেই স্যান্টনারকে দেশে ফিরতে হয়েছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়েই চোট পেয়েছিলেন তিনি। পরে কেশব মহারাজ তাঁর স্থলাভিষিক্ত হন মুম্বইয়ে।
আইপিএল চলাকালীন যদি কোনও ক্রিকেটার চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান, তবে তিনি চুক্তির পুরো টাকাই পান। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি বিসিসিআইয়ের ইনস্যুরেন্স পলিসি থেকে এই ক্ষতিপূরণ দেয়। তবে এই নিয়ম শুধুমাত্র ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেই। বিদেশি ক্রিকেটাররা টুর্নামেন্টের মাঝপথে চোট পেয়ে ছিটকে গেলে সাধারণত চুক্তিমূল্যের ৫০% অর্থই পেয়ে থাকেন। তাই স্যান্টনার ২ কোটির ভিতর ১ কোটি টাকাই পেয়েছেন। যদিও আইপিএল খেলতে গিয়ে ক্রিকেটার চোট পান. তাহলে তাঁর চিকিৎসার পুরো দায়িত্ব সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিই বহন করে। সে দেশি হোক বা বিদেশি ক্রিকেটার!
(Feed Source: zeenews.com)
