)
Ridhhi Sen on Swarup Biswas: ব্যঙ্গার্থক সেই পোস্টে ‘বিশ্বাস ব্রাদার্স’ সম্বোধন করে স্বরূপ বিশ্বাসকে রীতিমতো তুলোধোনা করেছেন অভিনেতা। এমনকি বিগত ১৫ বছর গোঁফ চুরির মিথ্যে অভিযোগে গর্জন করেছেন বলেও অভিযোগ ঋদ্ধি৷
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) সভাপতি স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর এবার টলিউডের অন্দরের ‘মাফিয়ারাজ’ ও একনায়কতন্ত্র নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন অভিনেতা ঋদ্ধি সেন। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে টলিউডের দীর্ঘদিনের চেপে রাখা নোংরা রাজনীতি ও ভয় দেখানোর সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি।
ঋদ্ধি সেন তাঁর পোস্টে স্পষ্ট জানিয়েছেন, টলিউডে বছরের পর বছর ধরে শিল্প ও শিল্পীদের যেভাবে ক্ষমতা আর পেশীশক্তি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি সেই ‘অন্ধকার রাজত্বের’ অবসান ঘটানোর প্রথম ধাপ। দীর্ঘদিন ধরে ফেডারেশনের কিছু প্রভাবশালী ব্যক্তি কাজ বন্ধ করে দেওয়া, টেকনিশিয়ানদের ওপর জোরজুলুম করা এবং অবৈজ্ঞানিক নিয়মের বেড়াজালে সিনেমা-সিরিয়ালের প্রযোজক ও পরিচালকদের কোণঠাসা করে রেখেছিলেন বলে টলিউডের একাংশের অভিযোগ।
ঋদ্ধি সেনের বক্তব্য, “শিল্প কখনও কোনও মাফিয়া বা একনায়কতন্ত্রের অধীনে চলতে পারে না। দীর্ঘদিন ধরে টলিউডের সাধারণ টেকনিশিয়ানদের ভয় দেখিয়ে, রুটি-রুজি কেড়ে নেওয়ার হুমকি দিয়ে একদল মানুষ নিজেদের আখের গুছিয়েছে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি আসলে টলিউডের সেই নোংরা মাফিয়ারাজ ভাঙার শুরু।”
সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি লেখেন, বিশ্বাস বাবু আজকে গুপী হলেন,হওয়ারই কথা,কিন্তু বাঘাদের আনন্দ দেখে বেশ মজা লাগছে l শিল্পীদের ঘর বন্দি করা থেকে নিজে জেল বন্দি হওয়া অবধি,স্বরূপ বাবুর এই পরিচিতি হারানোর যাত্রা আমার কাছে অন্তত খুবই হাস্যকর কারণ পরিচিতি শব্দটাই তার সাথে বড়োই অপরিচিত,বেমানান l দু বছর আগে অবধি ওনার মুখের আদল কেমন জানতাম না,প্রয়োজন বোধ করিনি জানার,শুধু জানতাম যে সুরুচি সংঘের কার্তিকের গোঁফ অনুকরণ করে নাকের নীচে এক জোড়া গাম্ভীর্য লালন করার কাজ যত্ন নিয়ে করতেন তিনি,আর ঠিক যখন “ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি,বাবু হাঁকেন,”ওরে আমার গোঁফ গিয়েছে চুরি !”
অভিনেতা আরও মনে করিয়ে দেন যে, এই লড়াইটা কোনো নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে নয়, বরং সংগঠনের নামে যারা ক্ষমতার অপব্যবহার করে টলিউডকে গ্রাস করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি সাধারণ এবং সৎ টেকনিশিয়ানদের জন্য এক বড় স্বস্তি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ঋদ্ধি।
(Feed Source: zeenews.com)
