
হিন্দি সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ শিল্পা। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এও প্রতিযোগী ছিলেন তিনি। তবে ঘরে ঘরে পরিচিতি ‘ভাবীজী ঘর পর হ্যায়ঁ’ সিরিয়ালের দৌলতে। জনপ্রিয়তার শিখরে থাকাকালীনই হঠাৎ ওই সিরিয়াল থেকে বাদ পড়েন তিনি। ২০১৬ সালে সিরিয়ালের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা করেছিলেন। সেই নিয়ে তোলপাড় শুরু হয় ইন্ডাস্ট্রিতে। (Bollywood News)
সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিংহ এবং হর্ষ লিম্বাছিয়ার পডকাস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন শিল্পা। জানান, প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে মামলা করতে বাধ্য হয়েছিলেন তিনি। আর কোনও রাস্তা ছিল না তাঁর কাছে। অনেক টাকা আটকে ছিল। পরে তাঁদের মধ্যে সব মিটমাট হয়ে যায়, সিরিয়ালের লেখকের সঙ্গেও এখন সুসম্পর্ক বলে জানান।
শিল্পার ওই স্বীকারোক্তির পর নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ইন্ডাস্ট্রিতে শিল্পার কলাকুশলী থেকে প্রযোজকদের সংগঠন, পুরুষেদের অধিকার রক্ষা সংগঠন, সকলেই তাঁর বিরুদ্ধে সরব। AICWA শিল্পার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে। চিত্রনির্মাতাদের সংগঠনের উপদেষ্টা অশোক পণ্ডিত বলেন, “শিল্পা যদি সত্যি বলে থাকেন, সেক্ষেত্রে তাঁর নিন্দা হওয়া উচিত। যৌন হেনস্থা একটি গুরুতর অভিযোগ। ব্যক্তিগত এবং পেশাগত বিবাদে সেটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঘোর অন্যায়। সিরিয়ালটির যাতে ক্ষতি না হয়, কর্মীরা যাতে রুটি-রোজগার না হারান, তাই হয়ত নীরব ছিলেন প্রযোজক। কিন্তু মিথ্যে অভিযোগ করলে, রেয়াত করা উচিত নয়। এতে একজনের ভাবমূর্তি নষ্ট হয় না শুধু, কেরিয়ারের ক্ষতি হয়, মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে। অত্যন্ত উদ্বেগের বিষয়। এতে সত্যিকারের নির্যাতিতাদেরও আর কেউ বিশ্বাস করবে না। এই ধরনের আচরণ লজ্জাজনক, একেবারে কাম্য নয়।” পুরুষদের অধিকার রক্ষার সংগঠন NCMIndiaCouncil for Men Affairs সরাসরি শিল্পার গ্রেফতারির দাবি তুলেছে।
শিল্পা যদিও এখনও পর্যন্ত নির্বিকার। বরং সমালোচনার মুখে পড়ে সোশ্য়াল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘মেয়েদের তৈরি থাকতে হবে। বলতে হবে, যা পারো করে নাও। যারা জ্বলছে, তারা জ্বলুক’।
টেলিভিশনের আর এক জনপ্রিয় নায়িকা হিনা খানও শিল্পার নিন্দা করেছেন। নাম না করে হিনাকেও নিশানা করেছেন। হিনার ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং তাঁর বাবার মৃত্যু নিয়ে কটাক্ষ করে শিল্পা বলেন, “আমার নামে প্রচারের আলোয় আসা কবে যে বন্ধ করবে লোকজন। প্রচারের জন্য কারও রোগ হয়, বাড়িতে লোকজন মারা যায়। তার পরও শিল্পা শিন্ডেকে প্রয়োজন পড়ে কেন? আপনারা এমনিতই প্রচার পান।” যে সময় ওই ঘটনা ঘটে, সেই সময় কাউকে পাশে পাননি বলেও দাবি শিল্পার। সব মিলিয়ে পরিস্থিতি ঘোরাল হয়ে উঠছে।
(Feed Source: abplive.com)
