
সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, কী জানালেন অপরাজিতা?
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা সাফ জানিয়েছেন, তাঁকে আমন্ত্রণ জানালে, তিনি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন বটে, তবে তা নিছকই সৌজন্য রক্ষার জন্য কোনোদিন তাঁকে কোনও রাজনৈতিক প্রচারের মঞ্চে দেখা যায়নি। অপরাজিতার দাবি, তিনি ক্ষমতা ও চেয়ারকে, বয়োজ্যেষ্ঠকে সম্মান জানিয়েই তিনি আমন্ত্রণ রক্ষা করেছেন কেবল। অপরাজিতা আরও দাবি করেছেন, তাঁর কাছে রাজনীতির ময়দানে পা রাখার অফার থাকলেও, তিনি কখনও রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাননি। সবসময়েই নিজের কাজ নিয়ে, অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছেন, অপরাজিতা আঢ্য।
অপরাজিতা আরও জানিয়েছেন যে, অনেকেই বলছেন, তিনি নাকি এতদিন প্রতিবাদ করেননি। রাজনৈতিক পালাবদল হতেই তিনি মুখ খুলেছেন। অভিনেত্রী সাফ জানিয়েছেন, তিনি যে প্রতিবাদ করেছেন, সেই প্রমাণ দিতে পারবেন, তাঁর সহকর্মীরা। টলিউডের ব্যান কালচারের কথা কারও অজানা নয় এখন। অপরাজিতা বলছেন, দেব (Dev) তাঁর আগামী ছবি, ‘দেশু7’-এ অভিনয়ের জন্য অনুরোধ করেছিলেন তাঁকে। পাশাপাশি জানিয়েছিলেন, এই ছবিতে থাকছেন, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। অনির্বাণকে নিয়ে কাজ করার ‘অপরাধে’ ব্যান করা হতে পারে দেবকেও। আর অপরাজিতারাও যদি দেবের সঙ্গে কাজ করেন, তাহলে তাঁদেরও ব্যান করা হতে পারে। সমস্তটা জেনেও, সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছিলেন অপরাজিতা। তিনি সুদেষ্ণা রায়ের সঙ্গে কাজ করতেও রাজি হয়েছিলেন। অপরাজিতা সাফ জানিয়েছেন, ডিম ছোড়া নয়, তিনি এই পদ্ধতিতেই প্রতিবাদ করতে বিশ্বাসী।
(Feed Source: abplive.com)
