)
Air India Incident: ঘটনার সত্যতা স্বীকার করে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘৭ জুনের AI1879 ফ্লাইটে এক যাত্রীর উগ্র আচরণের ঘটনা ঘটলেও বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে। যাত্রী, ক্রু এবং বিমানের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হয়নি। নিয়মানুযায়ী বিষয়টি এভিয়েশন রেগুলেটরকেও (DGCA) জানানো হয়েছে।’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কে সেই এয়ার ইন্ডিয়া। ল্যান্ড করার আগে ধুন্ধুমার পরিস্থিতি। বিমান যখন ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় এক যাত্রীর কাণ্ডে তুমুল শোরগোল পড়ে যায়। আচমকাই এক যাত্রী বিমানের জানলার ভেতরের দিকের কাচ ভেঙে ফেলেন। এই ঘটনার পর ওই যাত্রীকে ‘উচ্ছৃঙ্খল যাত্রী’ হিসেবে ঘোষণা করা হবে কি না। এবং তার বিমানে চড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে কি না, তা ঠিক করতে বিষয়টি বিমান সংস্থার নিজস্ব কমিটির কাছে পাঠানো হয়েছে।
গত ৭ জুন চণ্ডীগড় থেকে দিল্লিগামী AI1879 ফ্লাইটে এই ঘটনাটি ঘটে। বিমানটি যখন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ওই যাত্রী ক্যাবিন ক্রুদের নির্দেশ অমান্য করে জানলার কাচটি ভাঙেন। এক কর্মকর্তা জানান, ‘ক্যাবিন ক্রুদের পক্ষ থেকে বারবার মুখে এবং লিখিতভাবে সতর্ক করা হলেও ওই যাত্রী তা শোনেননি এবং জানলার ভেতরের কাচটি ভেঙে ফেলেন।’
বিমান সংস্থার তাৎক্ষণিক পদক্ষেপ
পরিস্থিতি বেগতিক দেখে বিমানের ককপিট ক্রুরা দ্রুত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনে চলেন এবং অবতরণের আগেই দিল্লির নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানান। বিমানটি নিরাপদে অবতরণ করার পরপরই ওই যাত্রীকে বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানে থাকার সময় ওই যাত্রী অত্যন্ত রেগে ছিলেন এবং ক্রুদের কোনও কথাই গায়ে মাখছিলেন না। একদম বেপরোয়া আচরণ করছিলেন। তবে নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ার পরেই তিনি ভয় পেয়ে যান এবং বারবার ক্ষমা চাইতে শুরু করেন।
এয়ার ইন্ডিয়া কী বলছে?
এই ঘটনার কথা স্বীকার করে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘৭ জুনের চণ্ডীগড়-দিল্লি ফ্লাইটে এক যাত্রী গন্ডগোল করার চেষ্টা করলেও বিমানটি দিল্লিতে নিরাপদে নেমেছে। যাত্রী, ক্রু বা বিমানের সুরক্ষার কোনও ক্ষতি হতে দেওয়া হয়নি। নিয়ম মেনে বিষয়টি বিমান চলাচল নিয়ামক সংস্থাকেও জানানো হয়েছে।’
তিনি আরও বলেন যে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস করা হবে না। এই ধরনের খারাপ আচরণের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়া কড়া ব্যবস্থা নেয়।
এখন ওই যাত্রীর কী শাস্তি হতে পারে?
দেশের বিমান চলাচলের নিয়ম (CAR, 2017) অনুযায়ী, এই ধরণের ঘটনা ঘটলে বিমান সংস্থার একটি নিজস্ব কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখে। এই কমিটি ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে যে ওই যাত্রীর অপরাধ কতটা গুরুতর এবং তাকে কতদিনের জন্য বিমানে চড়া নিষিদ্ধ করা হবে।
কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত, এয়ার ইন্ডিয়া চাইলে ওই যাত্রীকে সর্বোচ্চ ৩০ দিনের জন্য তাদের বিমানে চড়া সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে।
(Feed Source: zeenews.com)
