)
Akash Deep News: চলতি বছর আইপিএল খেলতে পারেননি তিনি। আপাতত বেঙ্গালুরুতে তাঁর রিহ্যাব চলছে! ১০ টেস্টে ২৮ উইকেট নেওয়া পেসার এখন কেমন আছেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর আইপিএল (IPL 2026) শুরুর ঠিক এক সপ্তাহ আগেই তিনি ছিটকে গিয়েছিলেন। পিঠের নীচের দিকের চোটের কারণেই আইপিএল শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) কোটি টাকার পেসার। কথা হচ্ছে বাংলার হয়ে খেলা জাতীয় দলের পেসার আকাশ দীপকে (Akash Deep) নিয়ে। বিহারের ২৯ বছরের ক্রিকেটারের এখন বেঙ্গালুরুতে রিহ্যাব চলছে। কয়েক দিন পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। তার আগে মঙ্গলবার ৯ জুন ইডেনে এসেছিলেন আকাশ। বেঙ্গল টি২০ লিগ দেখার ফাঁকেই সিএবি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনি। চলতি লিগ থেকে থেকে শুরু করে নিজের ফিটনেস ও জাতীয় দলে কামব্যাকের লক্ষ্য নিয়ে কথা বললেন আকাশ।
মিস করছেন বেঙ্গল টি২০ লিগ
‘মিস করছি এবারের টুর্নামেন্টকে। যেভাবে ব্যাটাররা রান করছেন, বোলাররা বোলিং করছেন, তাতে উপভোগ্য খেলা হচ্ছে। সিএবিকে বিশেষভাবে ধন্যবাদ জানাব ক্রিকেটারদের প্রতিভা মেলে ধরার এমন মঞ্চ করে দেওয়ার জন্য। আমি নিশ্চিত, ২-৩ বছরের মধ্যেই এই লিগের সুফল আরও স্পষ্ট হবে।’
ক্রিকেটারদের কাছে অক্সিজেন
বাংলার ক্রিকেটারদের কাছে এই টুর্নামেন্ট অক্সিজেনের মতো। আমরা ছোট ছোট মাঠে সাদা বলের ক্রিকেট খেলতাম। অনেক আগে হয়ে যেত, এত প্রতিদ্বন্দ্বিতা থাকত না। এই টুর্নামেন্টের মতো সেই ম্যাচগুলির সরাসরি সম্প্রচার হত না, এত ভালো মাঠ বা আম্পায়ারিংয়ের ব্যবস্থা ছিল না। আইপিএলের মতো এমন টুর্নামেন্ট আগে ছিল না। এই টুর্নামেন্টের ফলে ক্রিকেটাররা চাপ কীভাবে নিতে হয়, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলতে হয়, বড় ধরনের টুর্নামেন্টে কেমন প্রস্তুতি রাখা জরুরি, সেই সব বিষয় অনুধাবন করতে পারছেন। ফলে ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্টের গুরুত্ব অনেকটাই। আইপিএল দলের স্কাউটরা আসছেন, যা খুব ভালো দিক। কেন না, ক্রিকেটাররা আগে ময়দানে পারফর্ম করা সত্ত্বেও অনেক সময় তা নজর এড়িয়ে যেত। কিন্তু বেঙ্গল টি২০ লিগ এমন এক মঞ্চ যেখানে ক্রিকেটারদের সামনে নিজেদের প্রতিভা মেলে ধরার বড় সুযোগ থাকছে। যা গোটা দেশ টিভিতে দেখছে, স্কাউটরা মাঠে বসেও দেখছেন।
আগের চেয়ে অনেক ভালো
বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব চলছে আমার। সংশ্লিষ্ট যাঁরা আছেন তাঁরাই ঠিক করবেন আমি কবে মাঠে ফিরব। তবে আগের চেয়ে এখন অনেক ভালো আছি। খুব শীঘ্রই বোলিং শুরু করব। ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য এখন থেকেই কোনও সিরিজ টার্গেট করছি না। আগে ঘরোয়া ক্রিকেটে ২-৩টি ম্যাচ খেলে শরীরের কী পরিস্থিতি তা যাচাই করে নেব। তারপর…
আকাশ শেষবার মাঠে নেমেছিলেন চলতি বছর রঞ্জি ট্রফিতে। বাংলা বনাম জম্মু-কাশ্মীরের দ্বিতীয় সেমিফাইনাল খেলেছিলেন কল্যাণীতে। বাংলা ৬ উইকেটে হেরেই রঞ্জি থেকে বিদায় নিয়েছিল। আকাশ দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট পেয়েছিল। আর দেশের জার্সিতে আকাশ শেষ টেস্ট খেলেছিলেন গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে।
(Feed Source: zeenews.com)
