)
Pranit More Himanshu Jangra: বিতর্ক চরম রূপ নিতেই এর বড়সড় খেসারত দিতে হয়েছে অভিযুক্তদের। হিমাংশু জাংড়াকে তাঁর কোম্পানি চাকরি থেকে বরখাস্ত করেছে। অন্যদিকে, তীব্র ট্রোলিংয়ের মুখে পড়ে কমেডিয়ান প্রণীত মোরে ক্ষমা চেয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডেটে গিয়ে ৩৭০ টাকার বিরিয়ানি খাওয়ালেই কি কোনও মেয়ের ওপর ‘শারীরিক অধিকার’ তৈরি হয়ে যায়? খাস কমেডি শো-তে দাঁড়িয়ে এক যুবকের এমন কুরুচিকর দাবি আর তা শুনে কমেডিয়ানের হেসে গড়িয়ে পড়ার ভিডিয়ো ভাইরাল হতেই ছিঃ ছিঃ রব দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের আগুন এমন পর্যায়ে পৌঁছল যে, শেষমেশ আসরে নামতে হল খোদ জাতীয় মহিলা কমিশন (NCW)-কে।
নারীবিদ্বেষ’ এবং ‘জোর খাটানো’কে কমেডির নামে বড়াই করার অভিযোগে কমেডিয়ান প্রণীত মোরে এবং ওই দর্শক হিমাংশু জাংড়াকে আগামী ২২ জুন তলব করেছে কমিশন। মামলা এখানেই শেষ নয়! মহারাষ্ট্র সাইবার পুলিস ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা এবং আইটি অ্যাক্টের ধারা লাগিয়ে মামলা করেছে কমেডিয়ান ও ওই দর্শকের নামে।
কী এমন ছিল সেই ‘কুরুচিকর’ ভিডিয়োতে?
বিতর্কের এপিসেন্টার গুরুগ্রামের একটি স্ট্যান্ড-আপ কমেডি শো। মঞ্চে পারফর্ম করছিলেন কমেডিয়ান প্রণীত মোরে। ইন্টারঅ্যাকশন রাউন্ডে দর্শকাসন থেকে হিমাংশু জাংড়া নামের এক যুবক বুক ফুলিয়ে গল্প ফাঁদেন, তিনি এক মেয়েকে ডেটে নিয়ে গিয়ে ৩৭০ টাকার বিরিয়ানি খাইয়েছিলেন। এরপর তাঁর দাবি, বিরিয়ানির বিল মিটিয়েছেন বলেই নাকি ওই মেয়ের সঙ্গে ইন্টিমেট বা ঘনিষ্ঠ হওয়ার ‘অধিকার’ তিনি পেয়ে গিয়েছেন।
সবচেয়ে শকিং বিষয়, এই তীব্র আপত্তিকর কথা শুনে কমেডিয়ান প্রণীত তো প্রতিবাদ করলেনই না, উলটে খিলখিলিয়ে হেসে ওই যুবককে ক্যাশ প্রাইজ বা নগদ পুরস্কারও দিয়ে দিলেন! প্রণীত নিজেই সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয় চরম ব্যাকল্যাশ।
চাকরি খোয়ালেন যুবক, ডিলিট হল ইনস্টাগ্রাম!
জনগণের ক্ষোভের মুখে পড়ে এখন ল্যাজেগোবরে দশা অভিযুক্তদের। ‘টক্সিক ম্যাসকুলিনিটি’র পারদ চড়ানোর খেসারত হিসেবে চাকরি খোয়াতে হয়েছে হিমাংশুকে। তাঁর কোম্পানি তাঁকে সোজা বরখাস্ত করেছে। অন্যদিকে ট্রোলিং আর বয়কটের ভয়ে থতমত হয়ে কমেডিয়ান প্রণীত মোরে দায়সারা ক্ষমা চেয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই ডিলিট করে দেন।
জোম্যাটো থেকে পুলিস, সোশ্যালে ঝড় তুলল ‘#BiryaniIsNotConsent’
এই ঘটনার প্রতিবাদে নেটপাড়ায় এখন একটাই হ্যাশট্যাগ ট্রেন্ডিং— #BiryaniIsNotConsent , বিরিয়ানি মানেই সম্মতি নয়। মুম্বই পুলিসও এই নিয়ে কড়া পোস্ট করেছে। এমনকি ফুড ডেলিভারি জায়ান্ট জোম্যাটো-র নামে একটি ভুয়ো নোটিফিকেশন ভাইরাল হতেই কোম্পানিটি অফিশিয়ালি সাফ জানিয়ে দেয়, “বিরিয়ানি স্রেফ রাতের খাবার, কারোর সম্মতি বা কনসেন্ট নয়!”
মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘নারীর আত্মসম্মান আর কনসেন্ট নিয়ে কোনও রকম সমঝোতা নয়। এন্টারটেইনমেন্টের নামে এই নোংরা মানসিকতা বরদাস্ত করা হবে না।’ ভারতের সংবিধানে নারীর যে সম্মান ও নিরাপত্তার অধিকার দেওয়া হয়েছে, এটি তার পরিপন্থী।
(Feed Source: zeenews.com)
