School Education: রাজ্যে ১৬৫টি স্কুলে এখনও CAPF শিবির থাকায় বহু শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হচ্ছে। কোথাও ক্লাস বন্ধ, কোথাও আবার শিক্ষার্থীদের বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে।
স্কুলে স্কুলে এখনও কেন্দ্রীয় বাহিনী। ছবিঃ এআই।
কলকাতাঃ রাজ্যে বিধানসভার শেষ দফা নির্বাচন ছিল ২৯ এপ্রিল। ৪ মে ফল ঘোষণার পরে ক্ষমতায় আসে বিজেপি সরকার। অর্থাৎ, নির্বাচন শেষ, ঘোষিত হয়েছে ফলাফল, তারপর দীর্ঘ গরমের ছুটিও শেষ হয়েছে ৩০ মে। ১ জুন থেকে স্কুলে স্কুলে শুরু হয়েছে স্বাভাবিক পঠন-পাঠন। কিন্তু শিক্ষা দফতরের রিপোর্টে উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য!
স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলার ১৬৫ স্কুল এখনও রয়ে গিয়েছে CAPF অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের দখলে। আর স্কুলে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প থাকায় ছাত্রছাত্রীদের পঠন পাঠন শিকেয় উঠেছে বলে সাংঘাতিক অভিযোগ। বিষয়টি নিয়ে জেলা শাসক ও কলকাতা পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই জরুরি নির্দেশ পাঠান হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে।
স্কুল শিক্ষা দফতরের সচিবের নির্দেশ, অবিলম্বে স্কুলগুলি CAPF আধিকারিকদের দখলমুক্ত করতে হবে। যারা এখনও রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে অর্থাৎ শৃঙ্খলা রক্ষার কাজ করছেন, তাঁদের অন্য উপযুক্ত স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলার ৩৫ স্কুল এখনও ছাত্রীছাত্রীদের জন্য খোলা যায়নি। উত্তর ২৪ পরগনার ২৫, মুর্শিদাবাদের ১৪, কোচবিহারের ৯ এবং কলকাতায় ৯ স্কুলে এখনও CAPF ক্যাম্প রয়েছে, ফলে পড়াশোনা বন্ধ।
(Feed Source: news18.com)