সমগ্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও ময়দান একজোট হয়ে এই অনন্য শ্রদ্ধার্ঘ্যের অংশ হল সোমবার সন্ধ্যেয়। ফুটবল আর সিনেমার এই যৌথ আবেগ দেখতে মাঠে যে উপচে পড়েছিল ভিড়।
রাহুলের স্মৃতিতে ইস্টবেঙ্গল মাঠে বিশেষ ফুটবল ম্যাচ
কলকাতা: রূপোলী পর্দার দুর্দান্ত অভিনেতা এবং আজীবন কট্টর ইস্টবেঙ্গল সমর্থক ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ তাঁর স্মৃতির উদ্দেশ্যে এক অভিনব শ্রদ্ধার্ঘ্যের সাক্ষী হল শহর কলকাতা। রাহুলের শেষ অভিনীত সিনেমা “ছবিওয়ালা”-র পক্ষ থেকে এবং পরিচালক বাপ্পার উদ্যোগে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ ১৫ই জুন কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব মাঠে আয়োজিত হল একটি বিশেষ ট্রিবিউট এক্সিবিশন ম্যাচ। বাঙালির ফুটবল আবেগে গ্যালারি আর সিনেমার মেলবন্ধন ঘটিয়ে এই বিশেষ ইভেন্টের মূল ট্যাগলাইন রাখা হয়েছে “লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা”।
গ্যালারিতে রাহুলের সেই চেনা মশাল, জয়ধ্বনি আর ফুটবল নিয়ে উন্মাদনা টলিউড ও ময়দান উভয় মহলই আজ ভীষণভাবে মিস করে। আর তাই, প্রিয় সমর্থককে মাঠ থেকেই পরম শ্রদ্ধা জানাতে এবার বুট পায়ে সবুজ গালিচায় নামলেন একঝাঁক প্রাক্তন তারকা লাল-হলুদ ফুটবলাররা। এই বিশেষ ম্যাচে খেলল অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, সৈয়দ রহিম নবী, অসীম বিশ্বাস, অর্ণব মন্ডল , সৌমিক দে, মহ: রফিক সহ ইস্টবেঙ্গলের বহু প্রাক্তনী ও দিগ্বজ তারকারা। খেললেন এবং উপস্থিত ছিলেন টলিউডেরও অনেকজন বিশিষ্ট অতিথি।
চলচ্চিত্র দুনিয়া বা ক্রীড়া জগতের ইতিহাসে সাম্প্রতিক কালে কোনও অনুরাগীর স্মরণে এই পর্যায়ের নব ও মহৎ উদ্যোগ দেখা যায়নি। এই ঐতিহাসিক আয়োজনকে সফল করতে এবং মাঠের অনুমতি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকার-কে ‘ছবিওয়ালা’ টিমের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
রাহুলের স্মৃতিতে ইস্টবেঙ্গল মাঠে বিশেষ ফুটবল ম্যাচ, উপস্থিত তাঁর শেষ সিনেমা ছবিওয়ালা-র সকলে
পরিচালক বাপ্পা জানান, “মানুষটা হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু ওঁর রেখে যাওয়া অন্যতম শেষ ছবি ‘ছবিওয়ালা’ আর এই মাঠের আবেগের মধ্যে দিয়েই রাহুল দা আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।” সমগ্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও ময়দান একজোট হয়ে এই অনন্য শ্রদ্ধার্ঘ্যের অংশ হন।
রাহুলের স্মৃতিতে ইস্টবেঙ্গল মাঠে বিশেষ ফুটবল ম্যাচ, উপস্থিত তাঁর শেষ সিনেমা ছবিওয়ালা-র সকলে
উল্লেখ্য, পরিচালক বাপ্পার পরিচালনায় ও শান্তনু নাথের লেখায় এই ‘ছবিওয়ালা’ চলচ্চিত্রে প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রিমি দেব, রানা বসু ঠাকুর, আরাধনা জানা, খালিদ মাহমুদ তূর্য, অর্পণ বসু প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যঋত (SoumyaRit) এবং নেপথ্যকণ্ঠে শোনা যাবে রূপম ইসলাম, সোমলতা আচার্য্য চৌধুরী ও জোজোর মতো জনপ্রিয় শিল্পীদের গান।
(Feed Source: news18.com)