)
Sourav Ganguly Fake ED Raids News: ‘আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে’, ঠাকুরপুকুর খানায় ভারপ্রাপ্ত আধিকারিককে চিঠি মহারাজের।
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ‘সৌরভের বাড়িতে ED’র হানা’! সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরে এবার বেজায় চটেছেন মহারাজ। ফেসবুকে একটি ফ্যান পেজের বিরুদ্ধে বেহালার ঠাকুরপুকুর থানায় FIR করলেন তিনি।
ঠাকুরপুকুর থানায় ভারপ্রাপ্ত আধিকারিককে একটি চিঠি পাঠিয়েছেন সৌরভ। চিঠিতে তিনি লিখেছেন, “Sourav Ganguly Fans” নামে একটি ফেসবুক পেজ আমার নজরে এসেছে। যে পেজ থেকে ধারাবাহিকভাবে বিভ্রান্তমূলক পোস্ট ও খবর প্রচার করা হচ্ছে। উদ্দেশ্য়,আমার সুনাম ক্ষুণ্ণ করা এবং জনসাধারণের মধ্যে আমার সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করা’।
সৌরভের আরও বক্তব্য, ‘আমি বহু বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেছি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। বিশ্বজুড়ে আমার লক্ষ লক্ষ ফ্যান রয়েছে। আমি বুঝি যে, মতামত ও সমালোচনা জনজীবনের অংশ। তবে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর,মানহানিকর ও ক্ষতিকর বিষয়বস্তু প্রচার করে আমার সুনাম নষ্ট করার চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। সংশ্লিষ্ট পেজের বিরুদ্ধে পুলিসকে আইনি ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বস্তুত, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট পেজ সম্পর্কে যাবতীয় তথ্যও দিয়েছেন পুলিসকে।
ঠাকুরপুকুর থানা সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে পুলিস। সাইবার সেলের সাহায্য নিয়ে ওই ফেসবুক পেজের অ্যাডমিন এবং সংশ্লিষ্ট পোর্টালের মালিকের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
(Feed Source: zeenews.com)
