)
TV actor Sanchita Ugale: উজ্জ্বল শর্মা নাকি সঞ্চিতার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। টাকা ফেরত চাইলে উজ্জ্বল দুর্ব্যবহার শুরু করেন। সঞ্চিতাকে মারধরের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই সংক্রান্ত চ্যাটের স্ক্রিনশটও নাকি রয়েছে, যেখানে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী সঞ্চিতা উগলের (Sanchita Ugale)মৃত্যু ঘিরে ক্রমশ বিতর্ক দানা বাঁধছে। সঞ্চিতার রহস্যমৃত্যুর পর এবার বিনোদন জগতের কাস্টিং এজেন্টদের বিরুদ্ধে মানসিক হেনস্থার মারাত্মক অভিযোগ তুললেন তাঁর ভাই আকাশ সতীশ উগলে। সঞ্চিতার ভাই আকাশের অভিযোগ, মৃত্যুর আগে গ্ল্যামার দুনিয়ার কিছু কাস্টিং এজেন্টের কারণে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্চিতা। এই প্রসঙ্গে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর উদাহরণ টেনে তিনি বিনোদন জগতের অন্ধকার দিক তুলে ধরেন আকাশ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে তুলনা
আকাশ জানান, সঞ্চিতার মৃত্যুর ঠিক পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ইনস্টাগ্রাম রিল দেখতে পান। সেখানে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ভিডিয়োর সঙ্গে সঞ্চিতার প্রোফাইল ছবি ব্যবহার করা হয়েছিল, যা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। তিনি বলেন, “ঠিক যেভাবে ২০২০ সালের ১৪ জুন বলিউডের মানসিক চাপ সহ্য করতে না পেরে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন, আমার দিদিও গত ১৪ জুন একই কারণে চলে গিয়েছে। এই ইন্ডাস্ট্রি মানুষকে ভয় দেখায়, ভেতর থেকে ফাঁপা করে দেয়। এর পেছনে অত্যন্ত প্রভাবশালী কিছু মানুষ ও ক্ষমতার খেলা জড়িয়ে রয়েছে।” সঞ্চিতার বন্ধুদের সঙ্গে কথা বলেও আকাশ জানতে পেরেছেন যে, কিছু কাস্টিং এজেন্ট বেশ কিছুদিন ধরে তাঁকে ভীষণ মানসিক হেনস্থা করছিলেন এবং সঞ্চিতা তা নিয়ে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন।
প্রাক্তন প্রেমিকের হেনস্থা
এরই মধ্যে সঞ্চিতার এক বান্ধবী দাবি করেছেন, কাস্টিং কাউচের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও চরম প্রতারণার শিকার হয়েছিলেন অভিনেত্রী। তাঁর অভিযোগ সঞ্চিতার ‘সাজন ঘর’ ধারাবাহিকের সহ-অভিনেতা উজ্জ্বল শর্মার বিরুদ্ধে। তিনি নাকি শুধুমাত্র সঞ্চিতার সহ-অভিনেতাই ছিলেন না, প্রাক্তন প্রেমিকও ছিলেন।উজ্জ্বল নাকি সঞ্চিতার উপর মানসিক অত্যাচার করতেন। শুধু তা-ই নয়, সঞ্চিতার থেকে নাকি টাকাও ধার নিয়েছিলেন উজ্জ্বল। সঞ্চিতা সেই টাকা ফেরত চাইলে, তাঁকে পাল্টা মারার হুমকি দেন বলেই অভিযোগ উজ্জ্বলের বিরুদ্ধে। গালিগালাজ দিয়ে কথা বলার স্ক্রিনশট রয়েছে বলে দাবি সঞ্চিতার বান্ধবীর।
পুলিসের তদন্ত ও সঞ্চিতার অভিনয় জীবন
সঞ্চিতার বাবার অভিযোগের ভিত্তিতে ১৫ জুন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ দিকে, সঞ্চিতার সহ-অভিনেত্রী মেঘা শর্মা তাঁর ব্যক্তিগত জীবনের লড়াইয়ের কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, সঞ্চিতা জানুয়ারি মাস থেকে অবসাদের সঙ্গে লড়াই করছিলেন।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তিনি ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন এবং ‘ওয়াগলে কি দুনিয়া’-তে রুচিতা জেটলির চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এছাড়া দঙ্গল টিভির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে এবং অভিনেতা ভিকি কৌশলের ছবি ‘ছাভা’ তেও তারা সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। দিদির মৃত্যুর পেছনে আসল কারা দায়ী, তা খুঁজে বের করতে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন আকাশ।
(Feed Source: zeenews.com)
