টিকিট কাটার সুবিধার জন্য, কামাখ্যা ও গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ২৪ ঘণ্টাই অতিরিক্ত টিকিট কাউন্টার চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে। মেলার সময় তীর্থযাত্রীদের প্রয়োজনীয় নির্দেশনা, তথ্য ও সহায়তা প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিশেষ সহায়তা কেন্দ্র ও অনুসন্ধান কাউন্টারও স্থাপন করা হচ্ছে।
অম্বুবাচী মেলার জন্য ব্যাপক প্রস্তুতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের
আবীর ঘোষাল, কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটির পবিত্র কামাখ্যা মন্দিরে ২২ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য বার্ষিক অম্বুবাচী মেলায় আসা হাজার হাজার ভক্তের জন্য সুগম, সুরক্ষিত ও আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। মেলার সময় যাত্রীদের ব্যাপক সমাগমের বিষয়টি বিবেচনায় রেখে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে স্পেশাল ট্রেন চালানো, ২৪ ঘণ্টা টিকিট কাটার সুবিধা, অতিরিক্ত রেলওয়ে ও সুরক্ষা কর্মী মোতায়েন, সহায়তা কেন্দ্র ও অনুসন্ধান কাউন্টার স্থাপন এবং তীর্থযাত্রীদের জন্য খাবারের প্যাকেট ও পানীয় জল বিতরণ রয়েছে। এই আয়োজনগুলির লক্ষ্য হল, অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুষ্ঠান চলাকালীন সময় ভক্তদের নির্বিঘ্ন চলাচল, যাত্রী ভিড়ের ব্যবস্থাপনার পাশাপাশি যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।
তীর্থযাত্রীদের সম্ভাব্য ভিড়ের প্রতি লক্ষ্য রেখে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তিনটি স্পেশাল অসংরক্ষিত ট্রেন পরিষেবা চালু করছে। প্রায় ৫০টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ-সহ এই তিনটি ট্রেন কামাখ্যার সাথে অসম ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সঙ্গে সংযোগ স্থাপন করবে। এছাড়াও, মেলার সময় যাত্রী পরিবহণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নিয়মিত যাত্রীবাহী ট্রেনে সাময়িকভাবে ১১টি অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ সংযুক্ত করা হচ্ছে। এই ব্যবস্থার অংশ হিসেবে, ট্রেন নং. ০৫৬৬১ কামাখ্যা-আলিপুরদুয়ার জংশন ওয়ান-ওয়ে স্পেশাল ট্রেন ১৯ জুন ২০২৬ তারিখে কামাখ্যা থেকে রওনা হবে এবং পরের দিন আলিপুরদুয়ার পৌঁছাবে। এছাড়াও, ট্রেন নং. ০৫৪৪৪/০৫৪৪৫ আলিপুরদুয়ার-কামাখ্যা-আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন ২০ থেকে ২২ জুন এবং ২৪ থেকে ২৭ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন চলাচল করবে, যার ফলে মেলার সময় অসম ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এছাড়াও, ট্রেন নং. ০৫৭৮০ নিউ জলপাইগুড়ি-কামাখ্যা স্পেশাল ট্রেন ২০ ও ২৭ জুন ২০২৬ তারিখে এবং ট্রেন নং. ০৫৭৭৯ কামাখ্যা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন ২১ ও ২৮ জুন ২০২৬ তারিখে চলবে, যার ফলে পবিত্র তীর্থস্থান দর্শনে ইচ্ছুক ভক্তদের যাতায়াতের জন্য অতিরিক্ত বিকল্প তৈরি হবে।
ভিড় ব্যবস্থাপনা এবং যাত্রীদের অধিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে, কামাখ্যা, গুয়াহাটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং কমার্শিয়াল ও টেকনিক্যাল বিভাগের অতিরিক্ত কর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও, উত্তর-পূর্ব সীমান্ত ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবককে তীর্থযাত্রীদের সহায়তার জন্য নিয়োজিত করা হচ্ছে। স্বেচ্ছাসেবকরা তীর্থযাত্রীদের পথনির্দেশনা, তথ্য ও অন্যান্য সহায়তা প্রদান করবে, যাতে অম্বুবাচী মেলা সময় তীর্থযাত্রার অভিজ্ঞতা বাধাহীন ও ঝামেলামুক্ত হয়।
এই ব্যাপক প্রস্তুতির মাধ্যমে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অম্বুবাচী মেলায় অংশগ্রহণকারী ভক্তদের জন্য একটি সুরক্ষিত, সুবিধাজনক ও নির্বিঘ্ন তীর্থযাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং সম্পূর্ণ মেলা চালাকালীন সময় যাত্রীদের সুগম যাতায়াত ব্যবস্থা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত।
(Feed Source: news18.com)