EPFO-র নতুন নির্দেশিকা,বেসরকারি পিএফ ট্রাস্টের কর্মীরাও পাবেন এই সুবিধা,না দিলেই কড়া ব্যবস্থা

EPFO-র নতুন নির্দেশিকা,বেসরকারি পিএফ ট্রাস্টের কর্মীরাও পাবেন এই সুবিধা,না দিলেই কড়া ব্যবস্থা

 

PF New Rules: এবার বেসরকারি পিএফ ট্রাস্টের অধীনে থাকা কর্মীদের জন্যও সুখবর দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO New Rules)। দীর্ঘদিন ধরেই এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল কর্মচারীদের মনে। এই কর্মীদের সামাজিক নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতে এবার কড়া নির্দেশিকা প্রকাশ করেছে EPFO ।

কাদের জন্য কী সুবিধা দিচ্ছে EPFO
যাদের বেসরকারি সংস্থায় নিজস্ব পিএফ ট্রাস্ট (EPF-exempt establishment) রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে এই সুখবর। এই ধরনের বেসরকারি পিএফ ট্রাস্টের কর্মীদের সামাজিক নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সম্প্রতি এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে কোম্পানি। EPFO স্পষ্ট জানিয়ে দিয়েছে, বেসরকারি ট্রাস্টের কর্মীদের অধিকার কোনও অংশেই সাধারণ EPFO সদস্যদের চেয়ে কম নয়।

এই ক্ষেত্রে কর্মীদের মূল অধিকারগুলি কী কী ?
EPFO-র নিয়ম অনুযায়ী, কোনও কর্মী এই ধরনের সংস্থায় যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে একটি EPF অ্যাকাউন্ট নম্বর দেওয়া বাধ্যতামূলক। সেটি অবশ্যই তাঁর UAN (Universal Account Number)-এর সঙ্গে লিঙ্ক করতে হবে।

এই ক্ষেত্রে টাকা জমার হিসাব: নিয়ম অনুসারে কর্মীর বেতন থেকে যে ১২% পিএফ বাবদ কাটা হয়, তা কোম্পানির নিজস্ব ট্রাস্টে জমা পড়ে।

আপনি পাবেন কত পেনশনের ভাগ: এই ক্ষেত্রে নিয়োগকর্তার (Employer) ১২% ভাগের মধ্যে ৮.৩৩% চলে যায় সরাসরি EPFO-র নিজস্ব পেনশন অ্যাকাউন্টে (EPS-95)। বাকি ৩.৬৭% জমা হয় কোম্পানির ট্রাস্ট অ্যাকাউন্টে। যদি কোনও কর্মী পেনশনের যোগ্য না হন, তবে নিয়োগকর্তার পুরো ১২% টাকাই কোম্পানির ট্রাস্টের পিএফ অ্যাকাউন্টে জমা হবে।

এই ৫টি নিয়ম মানতই হবে সংস্থাগুলিকে
বেসরকারি পিএফ ট্রাস্ট পরিচালনাকারী সংস্থাগুলিকে স্বচ্ছতা বজায় রাখতে নিচের নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে হবে:

নিয়ম দেকাতেই হবে : প্রথমেই কোম্পানির পিএফ সংক্রান্ত সব নিয়মকানুনের একটি কপি অফিসের নোটিস বোর্ডে কর্মীদের দেখার জন্য টাঙিয়ে রাখতে হবে।

সংশোধনের সুবিধা: EPFO যদি তাদের নিয়মে কোনও উপকারী বদল বা সংশোধন আনে, তবে সেই একই সুবিধা বেসরকারি ট্রাস্টের কর্মীরাও স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন।

স্বচ্ছতা ও পাসবুক: কর্মীরা যাতে কম্পিউটার টার্মিনালে সহজেই নিজেদের পিএফ অ্যাকাউন্ট দেখতে পারেন, সেই সুবিধা দিতে হবে সংস্থাকে। এছাড়া আর্থিক বছর শেষে সম্পূর্ণ বিনামূল্যে পিএফ পাসবুক দিতে হবে।

সঠিক সময়ে নিষ্পত্তি: অবসর গ্রহণ, চাকরি পরিবর্তন কিংবা অসুস্থতা, বিয়ে ও পড়াশোনার জন্য অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফান্ড ট্রান্সফার বা টাকা মিটিয়ে দিতে হবে।

আপনি আপনার ন্যায্য অধিকার না পেলে কোথায় অভিযোগ করবেন ?
এই বিষয়ে EPFO-র স্পষ্ট নীতি রয়েছে। কর্মী সংগঠনের তরফে জানানো হয়েছে, এই ধরনের বেসরকারি ট্রাস্ট তৈরির মূল উদ্দেশ্যই হল কর্মীদের আরও উন্নত পরিষেবা দেওয়া। কিন্তু কোনও কর্মী যদি তাঁর ন্যায্য অধিকার বা সুবিধা না পান, তবে তিনি অভিযোগ জানাতে পারেন। সেই ক্ষেত্রে নীচের নিয়মগুলি মানতে হবে আপনাকে।

১ প্রথম ধাপ: প্রথমে নিজের সংস্থা (Employer) বা ট্রাস্টের ‘বোর্ড অফ ট্রাস্টিজ’-এর কাছে লিখিত অভিযোগ জানান।
২ দ্বিতীয় ধাপ: সেখানে সমাধান না হলে, সরাসরি রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের (RPFC) কাছে ইমেল করতে পারেন।
৩ অনলাইন পোর্টাল: এছাড়া EPFO-র অফিসিয়াল অভিযোগ পোর্টাল EPFiGMS-এ গিয়ে সরাসরি অনলাইনে অভিযোগ নথিভুক্ত করা যাবে।