)
Holy Kaaba: নতুন কিসওয়া তৈরিতে কাজ করেছেন প্রায় দেড়শো কারিগর। দীর্ঘ ১১ মাস ধরে। কিসওয়ায় খোদাই করা হয়েছে পবিত্র কোরআনের ৩০টি আয়াত। রুপোলি সুতোর উপর ২৪ ক্যারেট সোনার প্রলেপ ব্যবহার করা হয়েছে এতে। পুরো গিলাফটির ওজন ১৪১০ কেজি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন কাবা! নতুন হিজরি বছর (new Hijri year) উপলক্ষে বদলাচ্ছে পবিত্র কাবা (Holy Kaaba) শরিফের পুরনো গিলাফ বা কিসওয়া (replacing the Kiswah)। সেখানে পরানো হচ্ছে নতুন কিসওয়া। এর মধ্য দিয়ে ইসলামের সবচেয়ে পবিত্র এই স্থানের প্রতি ফুটে উঠেছে সৌদি আরবের বিশেষ যত্ন। আর এর মধ্যে দিয়েই ফুটে ওঠে আরবের কারিগরদের ইসলামি কারুশিল্পের উপর বিশেষ মুনশিয়ানাও!
রুপোলি সুতোর উপর ২৪ ক্যারেট সোনা
কিসওয়া পরিবর্তন অন্যতম প্রধান রীতি। মক্কার ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়া’য় দীর্ঘ কয়েক মাসের পরিশ্রমের পরে এই কিসওয়া তৈরির কাজ শেষ হয়। নতুন এই কিসওয়া তৈরিতে কাজ করেছেন প্রায় ১৫০ জন সৌদি কারিগর। দীর্ঘ ১১ মাস ধরে ৪৭টি বিলাসবহুল কালো রেশমি কাপড়ের টুকরা দিয়ে এটি তৈরি করা হয়েছে। কিসওয়ায় পবিত্র কোরআনের ৩০টি আয়াত খোদাই করা হয়েছে। এতে রুপোলি সুতোর উপর ২৪ ক্যারেট সোনার প্রলেপ ব্যবহার করা হয়েছে। পুরো গিলাফটির ওজন ১৪১০ কেজি।
রঙ, অলংকরণ
সৌদির কারিগরেরা কাবাঘরের মিজাব (বৃষ্টির জল নিষ্কাশনের নল), কোনা এবং অন্যান্য অংশে স্বর্ণের প্রলেপ দেওয়া সুতোয় কারুকার্য করা পর্দা, হিজাম বা কোমরবন্ধ), সামাদিয়াহ বা সাজসজ্জার জিনিসপত্র, লণ্ঠন আকৃতির বিভিন্ন বস্তু ও অলংকরণ বসিয়ে দেন। কাবার কিসওয়া দেখতে একটি অখণ্ড কাপড়ের টুকরা মনে হলেও এটি আসলে অনেকগুলি কাপড়ের সংমিশ্রণ।
কিসাওয়ার কাহিনি
কিসওয়ার প্রধান অংশটি তৈরি করা হয়েছে কালো রেশম দিয়ে। এটি কিসওয়ার বাইরের আবরণ। এর নকশায় কোরআনের আয়াত খোদাই করা। কিসওয়াটিকে টেকসই ও মজবুত করতে এর ভিতরে আস্তর হিসেবে ঘি রঙের সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। কিসওয়ার কিছু সাজসজ্জায় লাল রেশম ব্যবহার করা হয়েছে। কাবার দরজার পর্দার পিছনের অংশে সবুজ রেশমি কাপড় ব্যবহার করা হয়েছে। এছাড়া কাবার ভিতরের অংশের আবরণের জন্য ব্যবহার করা হয়েছে সবুজ রেশমি কাপড়।
(Feed Source: zeenews.com)
