)
FIFA world cup 2026: বিশ্বকাপ জিতলেই জীবন বদলে যাবে ফুটবলারদের! প্রতিটি দেশ তৈরি উপহারের ডালি নিয়ে। হ্যারি কেনদের অপেক্ষায় নাইটহুড, ভিনিদের অ্যাকাউন্টে ঢুকবে ৮ কোটি, রয়েছে আফ্রিকার ফুটবলারদের রাজার থেকেও প্রাসাদ পাওয়ার সুযোগ
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বিশ্বকাপের ট্রফি জিততে অনুপ্রেরণার অভাব নেই। আর সেখানে আর্থিক উপহার বা বোনাস এবারের বিশ্বকাপে ফুটবলারদের মোটিভেট করার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ফুটবল অ্যাসোসিয়েশন ওরফে এফএ, ইংল্যান্ডের জন্য বাড়িয়ে দিয়েছে এক বিশাল লোভনীয় প্রস্তাব। দীর্ঘ ৬০ বছর পর সোনালি ট্রফি উঁচিয়ে ধরার গৌরবের পাশাপাশি, ‘থ্রি লায়ন্স’দের ফুটবলাররা ভাসবেন স্পন্সরশিপের জোয়ারে, মিলবে নানা সম্মান। এমনকী ফুটবলারদের ভাগ্যে জুটতে পারে রাষ্ট্রীয় ‘নাইটহুড’ উপাধিও!
বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারলে ফুটবলাররা পাবেন এক বিশাল অঙ্কের আর্থিক বোনাস, যা নতুন কোচ টমাস টুখেলের ক্ষেত্রে কয়েক গুণ বেশি! সাধারণত ইংল্যান্ডের ফুটবলাররা জাতীয় দলের হয়ে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ম্যাচ প্রতি ২ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৩৪ হাজার টাকা) ফি পান। এই অর্থ আবার ফুটবলাররা নিজেদের পকেটে না ভরে ‘ইংলিশ ফুটবল ফাউন্ডেশন’-এ দান করে দেন, যা পরে বিভিন্ন দাতব্য সংস্থায় বণ্টন করা হয়। ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ জিততে পারলে দলের প্রত্যেকে ব্যক্তিগত বোনাস হিসেবে পাবেন ৫ লাখ পাউন্ডেরও (ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি ৮৫ লাখ টাকা) বেশি! সেক্ষেত্রে ২৬ জনের স্কোয়োডে সম্মিলিত বোনাস দাড়াবে ১৮২০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২১ হাজার ২৯৪ কোটি টাকা)।

এবার বিশ্বকাপজয়ীরা ফিফার কাছ থেকে পাবে ৫ কোটি ইউএস ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৩০ কোটি টাকা)। স্পেনের বোনাস ব্যবস্থা এবার সাজানো হয়েছে চার ধাপে, যা মূলত কোয়ার্টার ফাইনাল থেকে কার্যকর হবে। কোয়ার্টার ফাইনালে উঠলে মিলবে ১ লাখ ৫০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা) এবং এরপর প্রতিটি ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে তা বাড়তে বাড়তে ফাইনাল জিতলে দাঁড়াবে ৪ লাখ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় ৪ কোটি ৬৮ লাখ টাকা)। ফ্রান্সের বোনাস ধরা হয়েছে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা)
বেলজিয়ামের ফুটবলাররা পাবেন ৩০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৪ লাখ পাউন্ড পর্যন্ত। জার্মানির বোনাসের অঙ্কটা ২০১৪ সালের দেওয়া ২ লাখ ৫০ হাজার পাউন্ডের চেয়ে ‘উল্লেখযোগ্যভাবে বেশি’ হতে চলেছে, যদিও তা এখনো চূড়ান্ত করা হয়নি। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, একমাত্র ব্রাজিলের ঘোষিত পুরস্কারের অঙ্কটাই ইংল্যান্ডের চেয়ে বড়। সেলেকাওদের ১ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৬০ লাখ টাকা) এই বিশাল বোনাস বাকি সবাইকে টেক্কা দিচ্ছে। আফ্রিকান দেশগুলির বোনাস দেওয়ার পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন। সেনেগাল, আইভরি কোস্ট এবং মরক্কোর ফুটবলাররা শুধু নগদ অর্থই পান না, বরং নিজ নিজের দেশের প্রেসিডেন্ট বা রাজার কাছ থেকে উপহার হিসেবে পান আলিশান বাড়ি (রিয়েল এস্টেট) ও জমি
(Feed Source: zeenews.com)
