)
খুব শীঘ্রই হলিউডের প্রথম সারির তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একই ফ্রেমে দেখা যেতে পারে বলিউড তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের ‘দেশি গার্ল’ থেকে গ্লোবাল আইকন—প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জয়রথ যেন থামবার নামই নিচ্ছে না! একের পর এক ধামাকা দিয়ে হলিউডে নিজের মাটি আরও শক্ত করছেন পিগি চপস। তবে এবার যে খবরটি টিনসেল টাউনে ভেসে বেড়াচ্ছে, তা শুনে অনুরাগীদের চোখ কপালে উঠতে বাধ্য। হলিউডের সর্বকালের অন্যতম সেরা ডিভা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন প্রিয়াঙ্কা! খোদ দেশি গার্লাই সিলমোহর দিয়েছেন এই খবরে।
দীর্ঘ ৭ বছর পর ভারতীয় ছবিতে কামব্যাক করার পাশাপাশি হলিউডেই এখন মূল ফোকাস প্রিয়াঙ্কার। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন যে, তিনি এবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন। তবে প্রজেক্টটি সিনেমা, ওয়েব সিরিজ নাকি কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন—তা নিয়ে এখনই খোলসা করেননি অভিনেত্রী। ফলে অনুরাগীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে!
প্রিয়াঙ্কা জানান, হলিউডে এসে নিজেকে প্রতিষ্ঠা করা সহজ ছিল না। শুরুতে তাঁর জন্য আলাদা করে চরিত্র লেখা হত না। তবে সালমা হায়েক, পেনালোপে ক্রুজ এবং অ্যাঞ্জেলিনা জোলির মতো পাওয়ারহাউস অভিনেত্রীদের ক্যারিয়ার তাঁকে বরাবর অনুপ্রাণিত করেছে। এবার সেই আইকনের সঙ্গেই ফ্রেম শেয়ার করবেন তিনি!
রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে প্রিয়াঙ্কা-মহেশ বাবু ম্যাজিক!
হলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও বড় ধামাকা নিয়ে আসছেন প্রিয়াঙ্কা। এসএস রাজামৌলির আগামী মেগা বাজেট ছবি ‘বারাণসী’-তে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে তাঁকে। প্রায় ১২০০ থেকে ১৪০০ কোটি টাকা ব্যয়ে অ্যান্টার্কটিকা, জর্জিয়া, আফ্রিকা এবং হায়দরাবাদে শ্যুটিং হওয়া এই বিগ বাজেট ছবিটি ২০২৭ সালের ৭ এপ্রিল রূপালী পর্দায় মুক্তি পাবে।
প্রিয়াঙ্কার রূপকথার সফর
২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। এরপর একাধিক ব্লকবাস্টার সিনেমা আর জাতীয় পুরস্কার জিতে বলিউডের ‘দেশি গার্ল’ হয়ে ওঠেন তিনি। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রী এরপর পাড়ি জমান হলিউডে। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে আন্তর্জাতিক স্তরে ডেবিউ করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনয়ের পাশাপাশি তিনি ‘অ্যানোমেলি’ হেয়ার ব্র্যান্ডের সফল প্রতিষ্ঠাতা এবং ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডর।
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে এই নতুন প্রজেক্টটি সফল হলে গ্লোবাল সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রিয়াঙ্কার অবস্থান যে আরও কয়েক গুণ মজবুত হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন দেখার, এই দুই গ্ল্যামার কুইন একসঙ্গে পর্দায় কী ম্যাজিক তৈরি করেন!
(Feed Source: zeenews.com)
