
ফিলাডেলফিয়া: হাইতিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখেছে ব্রাজ়িল । ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে দিয়ে গ্রুপ সি-র শীর্ষে উঠে এসেছে ব্রাজ়িল । তবে সেই ম্যাচের শেষেও ব্রাজ়িল শিবিরে উৎকণ্ঠা ।
হাইতির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনহা (Raphinha) । প্রথমার্ধে গোল করার কাছাকাছি চলে গিয়েছিলেন একাধিকবার । তবে হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন । শনিবারই তাঁর চোট পাওয়া হ্যামস্ট্রিংয়ের স্ক্যান করানো হয়েছে । রিপোর্টের অপেক্ষায় সেলেকাও শিবির । নেইমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের স্ক্যান হয়েছিল যে ক্লিনিকে, সেখানেই নিয়ে যাওয়া হয় রাফিনহাকে ।
কোনও কারণে রাফিনহা ছিটকে গেলে ব্রাজ়িলের আক্রমণভাগের ঝাঁঝ কমবে বলেই মত বিশেষজ্ঞদের । ব্রাজ়িল শিবির আশা করছে, রাফিনহাকে নিয়ে অন্তত কোনও দুঃসংবাদ আসবে না । যদিও প্রথমার্ধে যেভাবে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন রাফিনহা, তাতে কার্লো আনসেলোত্তির কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে পারে ।
এর আগে মার্চ মাসেও ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি রাফিনহা । শনিবার ব্রাজ়িলের দ্বিতীয় গোলের সময়ই থাই ধরে বসে পড়তে দেখা যায় রাফিনহাকে । তবে ম্যাচের শেষে মিক্সড জ়োনে রাফিনহার হাঁটাচলা স্বাভাবিকই লেগেছে ।
জাতীয় দলের কো অর্ডিনেটর রদ্রিগো কাতানো বলেছেন, ‘চোটের জন্য কোনও প্লেয়ারকে মাঠ ছাড়তে হলে চিন্তা তো হয়ই । যতক্ষণ না ওর পরীক্ষা হচ্ছে, আমরাও উদ্বিগ্ন থাকব । আমরা সকলেই আশা করছি ওর পরিস্থিতি গুরুতর নয় । ও নিশ্চয়ই দ্রুত মাঠে ফিরবে । রাফিনহা দারুণ অ্যাথলিট । কাল স্ক্যান পরীক্ষার ফলাফল দেখলে আমাদের উৎকণ্ঠা কেটে যাবে বলেই বিশ্বাস । ব্রাজ়িলের ভক্ত ও সমর্থকেরাও নিশ্চিন্ত হবেন ।’
Raphinha in the World Cup
7 games
0 goals
0 assists007 man 🔥🔥 pic.twitter.com/xlz7WsB1dn
— 🇵🇹 (@Asensii20) June 20, 2026
রাফিনহার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চিকিৎসা শুরু হয়েছে । স্টেডিয়ামের ডাগ আউটে তিনি বসে থাকাকালীনই শুশ্রূষা শুরু হয় । তবে রাফিনহা বিশ্বকাপ থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে আর কোনও ফুটবলার নিতে পারবে না ব্রাজ়িল । যেহেতু সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে । সেক্ষেত্রে ২৫ জনের দল থেকেই বেছে নিতে হবে বিকল্প ।
(Feed Source: abplive.com)
