)
Tamil Nadu Ammonia Leak Death: তামিলনাড়ুর সি-ফুড কারখানায় ঝাঁঝালো গন্ধ, লুটিয়ে পড়লেন একের পর এক শ্রমিক, মৃত কমপক্ষে ৭! এখনও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি অনতত ৬০ জন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ুর সি-ফুড কারখানায় ঝাঁঝালো গন্ধ, লুটিয়ে পড়লেন একের পর এক শ্রমিক, মৃত কমপক্ষে ৭! এখনও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি অনতত ৬০ জন! তামিলনাড়ুর তিরুভাল্লুরে সামুদ্রিক খাদ্য প্রস্তুত কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
৭ জনের মৃত্যু
এখনও পর্যন্ত যা খবর এসেছে তাতে অন্তত ৭ জনই মারা গিয়েছেন। কারখানার বহু শ্রমিক ও স্থানীয় বাসিন্দা শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজনের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রশাসনের তরফে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি যোসেফ বিজয়।

কী ঘটে
ওই বেসরকারি ওই সি-ফুড প্রসেসিং ইউনিটটি তিরুভাল্লু জেলার পেরিয়াপালায়ম এলাকার কাছে অবস্থিত। ওই কারখানা থেকেই হঠাৎ অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে বলে দাবি। গ্যাস দ্রুত কারখানা চত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাস লিক হতেই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিস ও স্বাস্থ্য দফতরের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।
চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা
বলা হচ্ছে, ওটি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার এই চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা থেকেই বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনাটি ঘটেছে। মৃতদের সাতজনের প্রত্যেকেই মহিলা শ্রমিক। বহু মানুষ এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধারকাজ চালাতে শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামাতে হয়েছে এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
কমিটি ও রিপোর্ট
মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। শিল্পাঞ্চল বা ফুড প্রসেসিং ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনা নতুন নয়। অতীতেও তামিলনাড়ুর বিভিন্ন শিল্প ইউনিটে এমন দুর্ঘটনা ঘটেছে। যার জেরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফের একই ঘটনায় কারখানাগুলিতে নিরাপত্তাবিধি আরও কঠোর করার দাবিও উঠতে শুরু করেছে। এই প্রেক্ষিতে ওই কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তিন দিনের মধ্যে জমা দিতে হবে একটি বিস্তারিত রিপোর্ট। এই কমিটিতে রাখা হয়েছে রাজ্যের তিন শীর্ষ আধিকারিককে– ‘ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড হেলথ’, তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য সচিব এবং ‘অ্যাডিশনাল ডিরেক্টর অফ পাবলিক হেলথ’কে।
(Feed Source: zeenews.com)
