জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরুতে ধাক্কা খেতে হয়েছিল। তবে শেষপর্যন্ত আদালতে স্বস্তি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে যে FIR দায়ের করেছিলেন তনয় শাস্ত্রী, সেই FIR-র উপর এবার স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশক চন্দের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, ‘আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়’।
ঘটনার সূত্রপাত্র চলতি বছরে জানুয়ারিতে। ২৫ তারিখ বনগাঁ পুরসভার নয়া গোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন মিমি। রাত পৌনে বারোটা নাগাদ তিনি মঞ্চে ওঠেন। অভিযোগ, মিমির গানের মাঝেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী হঠাৎ স্টেজে উঠে পড়েন। গান থামিয়ে মিমিকে মঞ্চ থেকে নেমে যাওয়ারও নির্দেশ দেন তিনি। জনসমক্ষে এমন আচরণের জেরে চূড়ান্ত অপমানিত বোধ করেন মিমি। ঘটনার পরপরই বনগাঁ থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে। এরপর জামিনে মুক্তি পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি। শুধু তাই নয়, জেল থেকে বেরিয়ে তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির মামলাও দায়ের করেন। এরপরই আইনি জটিলতা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিমি। আদালতের কাছে রক্ষাকবচ চেয়ে মামলা দায়ের করেন। সেই মামলাতেই রায় ঘোষণা হল আজ, বুধবার।
এদিকে শুনানির তালিকায় মিমির মামলাটি বেশ পিছনের দিকে ছিল। মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন অভিনেত্রীর আইনজীবী। কিন্তু সেই আবেদন পত্রপাঠ খারিজ হয়ে যায়। বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিয়েছেন, নিয়মানুযায়ী তালিকায় যেভাবে মামলার নম্বর রয়েছে, সেই তালিকা মেনেই যথাসময়ে এই মামলার শুনানি হবে। আলাদা করে এটিকে কোনও বাড়তি অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই, আদালতের এই সিদ্ধান্তের পর মিমির রক্ষাকবচ মামলার শুনানির জন্য তাঁদের এখন আদালতের নির্ধারিত তালিকার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
(Feed Source: zeenews.com)