জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দু’বার কম্পন পাকিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, শনিবার সকালে পাকিস্তানে ৫.৫ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে স্বস্তির বিষয় এই যে, এই কম্পনের ফলে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগেই, অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল প্রতিবেশী দেশে। শুক্রবারের সেই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৩। সিসমোলজি সেন্টারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দু’বার মাঝারী থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে দুই দেশীয় বা আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বড়সড় ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
(Feed Source: zeenews.com)