
Rachana Banerjee: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’পুরো নয়া রূপে আসতে চলেছে দর্শকদের সামনে৷ সময় থেকে সঞ্চালনা বদল হয়েছে সবেতেই৷ রচনা বন্দ্যোপাধ্যায়কে আর কোনওদিনই দেখা যাবে না ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের ভূমিকায়। কারণটা কী? নিউজ ১৮ বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী রচনা৷
অবশেষে অপেক্ষার অবসান৷ কে হবেন ‘দিদি নম্বর ১’, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল৷ বহুদিনের জল্পনা-কল্পনার পরে ‘দিদি নম্বর ১’-এর সিজন ১০-এর নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সবটা পরিষ্কার হয়ে গেছে৷
দিদি নম্বর ১’ থেকে কেন সরলেন রচনা?
রচনা বন্দ্যোপাধ্যায়কে আর দেখা যাবে না ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের ভূমিকায়। যার ফলে স্বভাবতই মনখারাপ রচনার ভক্তদের৷ তবে এবার রচনার জায়গার এবার নতুন দায়িত্ব নিতে চলেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
গত ১৭ বছর ধরে সকলের প্রিয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায় রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করে গেছেন৷ আচমকা কেন এই বদল,তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি নিউজ ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ‘দিদি নম্বর ১’-খ্যাত অভিনেত্রী একের পর এক বোমা ফাটিয়েছেন৷ যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে৷
দিদি নম্বর ওয়ান শো থেকে রচনা বন্দোপাধ্যায় সরে যাওয়ার পেছনে কি কোনও রাজনৈতিক কারণ রয়েছে? এই প্রশ্নের উত্তরে রচনা স্পষ্ট করে জানান, চ্যানেল খুব আনপ্রফেশনাল ভাবে এই জার্নিটাকে শেষ করল৷ দু’দিনের বেশি সময় দেয়নি৷ তাই দিদি নম্বর ওয়ান-এ আর কোনওদিন ফিরবেন না বলে জানান অভিনেত্রী৷
রচনা জানিয়েছেন, তিনি শুধু রাজনৈতিক কাজ নয়, আরও নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত। প্রমাণ করে দেখাতে হবে ‘দিদি নম্বর ১’ অন্য কেউও হতে পারে ।
তিনি আরও বলেন,’ এই শো আজ যে জায়গায় রয়েছে, সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে। ওদের জন্য বড় চ্যালেঞ্জ।’
রচনা বলেন, ‘ওঁদের তো এবার এটাও প্রমাণ করতে হবে গোটা পশ্চিমবঙ্গ, ভারতবাসীর কাছে যে, রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই অনুষ্ঠান তাঁরা সফল করতে পারেন।’ তবে চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷
খেলার ধরন থেকে প্রতিযোগী সবেতেই বদল আনা হয়েছে৷ ‘দিদি নম্বর ১’-এ আগে যেখানে চারজন প্রতিযোগী একসঙ্গে অংশগ্রহণ করত৷ এবার সেখানে ১০ জন প্রতিযোগী একসঙ্গে খেলবেন৷ এককথায় বলতে গেলে পুরো নতুন অবতারে আসতে চলেছে জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ১’৷
দিদি নম্বর ১’-এ একাধিক পরিবর্তন হয়েছে৷ শুধু সঞ্চালক নন,শো-এর ফরম্যাটেও রদবদল হয়েছে৷ একেবারে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে শো-কে। ‘দিদি নম্বর ১’-এর সম্প্রচারের সময়ও বদলে গিয়েছে৷ আগে বিকেলে জনপ্রিয় এই টেলিভিশন সম্প্রচারিত হত ৷ এবার নতুন সিজন থেকে রাত ১০ টা ১৫ মিনিটে দেখা যাবে ‘দিদি নম্বর ১’৷
‘দিদি নম্বর ১’-এ অনুরাগীদের উত্তেজনার এমনিতেই শেষ নেই৷ তার উপর দীর্ঘদিনের সঞ্চালক রচনাও ছিলেন সকলের খুবই কাছের৷ এবার সেই জায়গায় স্বস্তিকা কতটা জায়গা করে নিতে পারবেন সেটাই দেখার৷
(Feed Source: news18.com)
