)
ইংল্যান্ডের হয়ে ইতিহাস লিখে ফেলেলন হ্যারি কেন। সকলকে ছাপিয়ে গেলেন স্রেফ এক গোল করেই। এবার কেনের সামনে ডিআর কঙ্গোর চ্যালেঞ্জ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের গ্রুপ পর্বের গল্প শেষ হয়ে গেল। রবিবার ২৮ জুন ভারতীয় সময়ে ভোরে শেষ হয়েছে ইংল্যান্ড-পানামা ম্যাচ। ‘থ্রি লায়ন্স’ ২-০ গোলে আমেরিকার রাষ্ট্রকে হারিয়ে কাপযুদ্ধ থেকে মুছে দিয়েছে। প্রথমার্ধের একেবারে সাদামাটা ইংরেজরা গোলের মুখই খুলতে পারেনি। পানামারও একই গল্প। তবে দ্বিতীয়ার্থে ৫ মিনিটের ব্যবধানে হ্যারি কেন (৬২’) ও জুড বেলিংহ্যাম (৬৭’) ব্যাক-টু-ব্যাক গোল করেই ম্যাচ নিজেদের পকেটে ঢুকিয়ে নেন। পানামাকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই ইংল্যান্ড খেলবে রাউন্ড অফ থার্টিটুতে। আর এই ম্যাচেই একাধিক ইতিহাস লিখলেন কেন।
টমাস টুখেলের দলের হয়ে পানামার বিরুদ্ধে গোল করার সঙ্গেই কেনের নাম লেখা হল ইংল্যান্ডের ইতিহাসে। ইংরেজ কিংবদন্তি গ্যারি লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ১১ গোল করা হয়ে গেল কেনের। এখন বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাত কেনই। ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ খেলা লিনেকার দেশের হয়ে ১০ গোল করেছিলেন। এখানেই শেষ নয় কেন ছাপিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও।

সক্রিয় ফুটবলারদের মধ্যে কাপযুদ্ধে ১০ গোল রয়েছে পর্তুগিত জাদুকরের। ১১ বার জালে বল জড়িয়ে কেন ছাপিয়ে গেলেন সিআর সেভেনকে। হেলমুট রাহন (পশ্চিম জার্মানি), গ্যারি লিনেরকার (ইংল্যান্ড), গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা), টেফিলো কিউবিলাস (পেরু), টমাস মুলার (জার্মানি), লাতো (পোল্যান্ড) ও রোনাল্ডোর (পর্তুগাল) বিশ্বকাপে ১০ গোল রয়ছে। ১ জুলাই ডিআর কঙ্গোর বিরুদ্ধে কেনরা রাউন্ড অফ থার্টিটু-র মহাযুদ্ধে নামবেন। এই কঙ্গোই কিন্তু পর্তুগালকে আটকে দিয়ে চমকে দিয়েছিল! দেখা যাক সেদিনও কেন ফুল ফোটাতে পারেন কিনা! ইংরেজ নেতা এই বিশ্বকাপে আছেন ঝলসানো ফর্মে। বিশ্বকাপের প্রথম ম্যাচে কেনরা ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে চমকে দিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইংল্যান্ড। এদিকে আবার পানামার বিরুদ্ধে প্রথমার্ধে একদই ভালো খেলেননি কেনরা। টুখেলের ছেলেদের ধারাবাহিকতার অভাব কিন্তু ভাবাবেই। কঙ্গোকে হারিয়ে তাঁরা রাউন্ড অফ সিক্সটিনে যদি উঠেও যায়, তাহলে শেষ ষোলোয় তাদের সামনে মেক্সিকো কিংবা ইকুয়েডরের চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকবে। দেখা যাক এবার কেনরা কী করেন!
(Feed Source: zeenews.com)
