
দিদি নম্বর ১- সিজন ১০-এর প্রথম এপিসোড কেমন লাগল দর্শকদের? রাত ১০:১৫-এর শোয়ে কতটা জমল শো? সোশ্যাল মিডিয়ার কমেন্ট থেকে বুঝুন…
দিদি নম্বর ১-এর মঞ্চ থেকে রচনা বন্দ্যোপাধ্যায় আউট, স্বস্তিকা মুখোপাধ্যায় ইন৷ এবার শুরু হয়ে গেল নতুন দিদির হাত ধরে এই জনপ্রিয় শো৷ শোয়ের টাইমও বদলে গিয়েছে৷ বিকেল ৫টার বদলে এখন রাতে হচ্ছে শো৷ রাত ১০:১৫-র এই শো নিয়ে নানা মত আগে থেকে উঠে আসছিল৷ এবার অ্যাঙ্কার স্বস্তিকার প্রথম দিন এই শো দেখে কী বলছেন দর্শকরা? সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে প্রচুর কমেন্ট৷
বাংলা অতি জনপ্রিয় শো দিদি নম্বর ১৷ গত ১৫ বছর ধরে একটানা এই শো করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ তিনিই ছিলেন এই শোয়ের প্রধান মুখ৷ টানা ১৫ বছর ধরে তাঁকে দেখে অভ্যস্ত হয়েছেন দর্শক৷
এর আগেও দিদি নম্বর ১ -এ সঞ্চালনার দায়িত্বে এসেছেন জুন মালিয়া, দেবশ্রী রায়৷ তবে তাঁরা সেভাবে দর্শকদের মন জয় করতে পারেননি৷ ফলে আবার ফিরিয়ে আনা হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে৷
যদিও আর তিনি এই শোয়ে আর কখনই ফিরছেন না, এটা স্পষ্ট করে দিয়েছেন রচনা৷ এই শো থেকে তাঁকে ২দিনের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছিল এমনই অভিযোগ করেছেন তিনি৷ তাঁর সঙ্গে চ্যানেলের কন্ট্র্যাক্ট ছিল ঠিকই কিন্তু এই ধরনের আচরণ খুবই অপমানজনক বলে মন্তব্য করেছেন অভিনেত্রী৷
তবে শুধু দিদি নম্বর ১ নয়, অন্যান্য অনেক শোয়ের ধরন বদলে দিয়েছে জি বাংলা৷ দিদি নম্বর ১-এর সঞ্চালক যেমন বদলেছে, তেমনই বদলেছে দাদাগিরির হোস্ট৷ সৌরভ নন এবার সেখানে দেখা যাবে দেবকে৷ রান্নাঘর-এ কনীনিকার বদলে এসেছে বিশ্বনাথ বসু ও রিখিয়া৷
নতুন করে নতুন হোস্টের সঙ্গে ইতিমধ্যেই শুরু হল দিদি নম্বর ১৷ এবার প্রাইজ মানি অর্থাৎ জয়ীদের অর্থ পুরস্কারও অনেকটা বেড়েছে৷ যে দিদিরা জিতবেন, তাঁরা পাবেন ২ লক্ষ টাকা৷ ফলে শোয়ে আকর্ষণ কিছুটা বাড়বে তো বটেই ৷
অন্যদিকে স্বস্তিকা অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী৷ বাংলা সিনেমা, সিরিজের পাশাপাশি তিনি হিন্দিতেও নিয়মিত কাজ করছেন৷ প্রোমো-তে তাঁকে দিদি নম্বর ১ হোস্ট হিসেবে বেশ ভাল লাগছিল৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আসার পরে তিনি নিজে সকলের কমেন্টে উত্তর দিয়েছিলেন৷
তবে শো শুরু হতে এল অন্য রকম প্রতিক্রিয়া! সোশ্যাল মিডিয়ার কমেন্টের ভিত্তিতে কিছুটা ব্যাকফুটে দিদি নম্বর ১ স্বস্তিকা মুখোপাধ্যায়৷ কেউ লিখছেন, সবকিছু পাল্টে গেছে। রচনা ব্যানার্জি থাকলে আরো ভালো লাগতো।ওনাকে চাই। আর একজন ইউজার লিখেছেন, স্বস্তিকা মুখার্জি খুব ভাল, কিন্তু দিদি নম্বর ১ রচনা ব্যানার্জিকে ছাড়া অসম্পূর্ণ৷
কেউ কেউ লিখছেন, রচনা দিদি বেস্ট ছিল আর থাকবে৷ দিদি নম্বর ১ রচনা ছাড়া কোনও ভাবে চলবে না৷ রচনা দিদি আর হাসি, কথা বলার স্টাইল, সব থেকে বড় কথা যেভাবে প্রতিটি প্রতিযোগীদের সাথে মিশে যেতে পারে সেটা অন্য কেউ পারবে না৷ অবার এমনও কমেন্ট এসেছে, একদম ভাল লাগেনি বেশি দিন চলবে না৷ জোরালো ভাবে দাবি উঠেছে, উই ওয়ান্ট রচনা ব্যাক৷
এখন দেখার, আগামীদিনে এই শোয়ের টিআরপি কত আসে? স্বস্তিকা কতটা নিজের ক্যারিশমা ছড়িয়ে দিতে পারে এই শোয়ে? নজর থাকবে সকলের৷
(Feed Source: news18.com)
