
বিজেপির রাজ্য সভাপতি যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে অনুপম খেরকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে আর তৃণমূল ফিরবে না। আমি কিন্তু ওই কথাটায় বেশ মজাই পেয়েছি।’ উত্তরে শমীক ভট্টাচার্য বলেন, ‘সেই সময়ে নির্বাচনের আবহ। মানুষের কাছে এমন কিছু বলতে হয়, যেটা মানুষ সহজে বুঝতে পারেন। একঘেয়ে রাজনৈতিক কথা শুনতে শুনতে তো মানুষ বিরক্ত হয়ে যান। সেই সময়ে, এইরকম মজার কোনো কথা বললে, মানুষ আনন্দ পান। আর অনুপম খেরের মতো চরিত্রকে তো গোটা ভারত চেনে। পশ্চিমবঙ্গের ছোটরাও তো অনুপম খেরকে চেনে। বাংলায় অনেক অনুরাগীও রয়েছে। আপনার সব সিনেমাই তাঁরা দেখেন। তাই আপনার নাম নিতেই, আপনার মুখটা সবার চোখের সামনে ভেসে ওঠে..’
উত্তরে অনুপম খের বলেন, ‘ আমার কিন্তু বিষয়টা বেশ ভাল লেগেছে। আমি তো প্রার্থনা করব, আমার মাথায় নতুন করে চুল না উঠুক।’ এতে হাসতে হাসতে শমীক ভট্টাচার্য বলেন, ‘সেটা অন্য কথা। কিন্তু আমি বোঝাতে চেয়েছিলাম যে, আকাশ মাটিতে নেমে আসতে পারে, মাটি আকাশে উঠে যেতে পারে। রাইটার্স বিল্ডিংয়ে গঙ্গার জল ঢুকে যেতে পারে। অনুমপ খেরের মাথায় আবার চুল উঠতেও পারে, কিন্তু চতুর্থবার আর তৃণমূল সরকার ক্ষমতায় আসবে না। সেটা আর হয়নি।’ অনুপম খের বলেন, ‘সেটা ভাল হয়েছে, আপনাকে অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি ভাল থাকুন। ভালভাবে দায়িত্ব পালন করুন। আপনার সঙ্গে এই যে অল্প একটু সময় কাটানোর সুযোগ পেলাম, তাতে অনেক জ্ঞানের কথা আপনি শোনালেন, খুব ভাল লাগল। ভাল থাকবেন।’
(Feed Source: abplive.com)
