Birbhum News: বীরভূমের মুকুটে জুড়ল নয়া পালক, শান্তিনিকেতনের বাটিক-একতারা পেল ‘জিআই’ ট্যাগ

Birbhum News: বীরভূমের মুকুটে জুড়ল নয়া পালক, শান্তিনিকেতনের বাটিক-একতারা পেল ‘জিআই’ ট্যাগ

 

Birbhum News: শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্যে যুক্ত হল নতুন গৌরবের পালক। রবীন্দ্রনাথ ঠাকুরের জাভা সফরের শতবর্ষের প্রাক্কালে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেল শান্তিনিকেতনী বাটিক এবং শান্তিনিকেতনী একতারা।

বীরভূম, সৌভিক রায়: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্যে এর সঙ্গে জুড়ল নতুন গৌরবের পালক। রবীন্দ্রনাথ ঠাকুরের জাভা সফরের শতবর্ষের প্রাক্কালে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেল শান্তিনিকেতনী বাটিক এবং শান্তিনিকেতনী একতারা। দীর্ঘদিন ধরে চলে আসা শিল্পঐতিহ্য, নান্দনিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের এই স্বীকৃতিকে ঘিরে খুশির হাওয়া শিল্পী থেকে শুরু করে, গবেষক, বাউল সমাজ এবং বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী মহল চত্তর জুড়ে।

প্রসঙ্গত নতুন জিআই স্বীকৃতি প্রাপ্ত তালিকায় বীরভূম থেকে রয়েছে বোলপুর শান্তিনিকেতনের বাটিক এবং শান্তিনিকেতনের একতারা। এর পাশাপাশি বাঁকুড়া থেকে বেলিয়াতোড়ের মেচা সন্দেশ, হটোগ্রামের শাঁখা শিল্প ও বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বোল, হুগলি থেকে বলাগড়ের নৌকা ও জনাইয়ের মনোহরা, কলকাতার কলকাত্তি গয়না, পুরুলিয়ার লাক্ষা, মুর্শিদাবাদের সিল্ক, মালদহের আশাপুরের বেগুন এবং পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল জিআই ট্যাগ পেয়েছে।

এর পাশাপাশি এখনও বিবেচনাধীন রয়েছে মালদহের নবাবগঞ্জের বেগুন, পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বাবরশা মিষ্টি এবং শান্তিনিকেতনের আলপনার আবেদন। প্রসঙ্গত বোলপুর শান্তিনিকেতনের বাটিকের ইতিহাস কেবল একটি শিল্পের ইতিহাস নয়, এটি সাংস্কৃতিক আদানপ্রদানেরও এক অনন্য কাহিনিও। সময়টা ছিল আজ থেকে প্রায় বহু বছর আগে। ১৯২১ সালে রথীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন প্রতিমা দেবী। সেখানেই প্রথম বাটিক শিল্পের সঙ্গে তাঁর পরিচয়। তিনি এই শিল্প শিখে শান্তিনিকেতনে ফিরলেও ইউরোপীয় পদ্ধতির জটিলতা সাধারণ শিল্পীদের কাছে এই শিল্প ঠিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি।

পরিবর্তনের সূচনা হয় ১৯১৭ সালে। সে বছর দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে জাভা যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জাভার রাজপরিবারে বাটিক শিল্পের নিখুঁত ব্যবহার দেখে মুগ্ধ হন রবীন্দ্রনাথ। বীরভূম ফিরে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই শান্তিনিকেতনের কলাভবনে শুরু হয় নতুন অধ্যায়। তবে শুধু জিআই ট্যাগেই থেমে থাকছে না উদ্যোগ । বিশ্বভারতী ও বীরভূম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই দুই ঐতিহ্যবাহী শিল্পকে দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে পরিচিত করে তোলার রূপরেখা তৈরি করেছে। এর পাশাপাশি শান্তিনিকেতনী বাটিককে ভবিষ্যতে ইউনেস্কোর স্বীকৃতির আওতায় আনার প্রচেষ্টাও শুরু হয়েছে।