)
মহাপ্রস্থানের মঞ্চে হতে চলেছে ‘লাস্ট ডান্স’! টরন্টোয় দুই বন্ধুর ‘শত্রু’তাই হয়ে গিয়েছে বিশ্বকাপের ব্লকবাস্টার! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি লুকা মদরিচ? সিআর সেভেন ভার্সেস এলএম টেন! কে হাসবেন? জানিয়ে দিলেন বাইচুং ভুটিয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাউন্ড অফ থার্টিটুর ব্লকবাস্টারে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ও লুকা মদরিচের ক্রোয়েশিয়া। কেউ থাকবেন, কেউ বিদায় নেবেন। টরেন্টোতে বাঁধা হয়েছে মহাপ্রস্থানের মঞ্চ। ‘লাস্ট ডান্স’ এবার। কে বাজিমাত করবেন? জানিয়ে দিলেন ভারতের ফুটবল আইকন বাইচুং ভুটিয়া। বাইচুং দুই দলের তুল্যমূল্য বিশ্লেষণ করেছেন। আর তারপরেই জানিয়েছেন কে তাঁর ফেভারিট।
বাইচুং যা বললেন মহাযুদ্ধের আগে
‘পর্তুগাল যে ক্রোয়েশিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে, এমনটা আমি মোটেই দেখছি না। পর্তুগাল নিঃসন্দেহে শিরোপার অন্যতম দাবিদার, যদিও এখনও পর্যন্ত তাদের খেলায় সেই ছাপ খুব একটা দেখা যায়নি। তবে নকআউট পর্বের চিত্রটা একদমই আলাদা। তাদের সেই ক্ষমতা আছে যা দিয়ে তারা সম্পূর্ণ ভিন্ন মানের পারফরম্যান্স উপহার দিতে পারে। আমার ধারণা নকআউটে আমরা পর্তুগালকে অন্য রূপেই দেখব। ম্যাচ জেতার মতো সামগ্রিক ক্ষমতা পর্তুগালের রয়েছে। তাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে, যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে! তবে বড় প্রশ্ন হল- তাদের সৃজনশীল মিডফিল্ড কি ধারাবাহিক ভাবে রোনাল্ডোর জন্য গোলের সুযোগ তৈরি করতে পারবে? বছরের পর বছর ক্রোয়েশিয়া লড়াকু দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে এবং যে কোনও পরিস্থিতিতেই ফলাফল বের করে আনার পথ খুঁজে নিয়েছে। তবে এবার তাদের মধ্যে সেই একই ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। দলে মদরিচের মতো দুর্দান্ত খেলোয়াড় থাকলেও বয়স তাদের অনুকূলে নেই। খেলার গতি কমেছে এবং খেলার ছন্দও ধীর হয়েছে। এই ম্যাচে ক্রোয়েশিয়াকে যদি ভালো কিছু করতে হয়, তবে মদরিচকেই সবচেয়ে বড় প্রভাব ফেলতে হবে। পর্তুগাল কেবল রোনাল্ডোর উপর নির্ভরশীল নয়, কিন্তু ক্রোয়েশিয়াকে আজ অবশ্যই মদরিচের দিকে তাকিয়ে থাকতে হবে। পর্তুগালের আক্রমণাত্মক খেলার ধরনই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে, বিশেষ করে যদি তারা দ্রুত রক্ষণ থেকে আক্রমণে ওঠার ট্রানজিশন দেখাতে পারে। তবে তাদের দুর্বলতা হল একজন প্রকৃত রক্ষণাত্মক মিডফিল্ডারের অভাব। যিনি ধারাবাহিক ভাবে বল কেড়ে নিতে পারবেন এবং রক্ষণ থেকে আক্রমণে খেলা পরিচালনা করতে পারবেন। আক্রমণ ভাগে তাদের শক্তি অপরিসীম—দুর্দান্ত সব অ্যাটাকিং মিডফিল্ডার, চমৎকার ফরোয়ার্ড লাইন এবং আক্রমণে উঠতে পছন্দ করা দুই ফুল-ব্যাক। তাদের কেবল মাঝমাঠে এমন একজনকে প্রয়োজন যিনি শারীরিক লড়াইয়ে জিতে মিডফিল্ডকে স্থিতিশীল রাখতে পারবেন।’
বোঝাই যাচ্ছে বাইচুং কিন্তু পর্তুগালকেই এগিয়ে রাখছেন। দেখা যাক এবার কী হয়…
(Feed Source: zeenews.com)
