Malda News: দেখতে হুবহু আপেল, কিন্তু আপেল নয়, মালদহে নজর কাড়ছে ‘অ্যাপেল ম্যাঙ্গো’

Malda News:  দেখতে হুবহু আপেল, কিন্তু আপেল নয়, মালদহে নজর কাড়ছে ‘অ্যাপেল ম্যাঙ্গো’

 

Malda News: মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী দুষ্য়ান্ত কুমার রাঘব জানান, “এই অ্যাপেল ম্যাঙ্গো বিকল্প আয়ের একটি সম্ভাবনাময় ফল হতে পারে। বাইরের প্রজাতি হওয়ায় এবং স্বাদে ভিন্ন হওয়ায় বাজারে এই আমের আলাদা চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য সাধারণ আমের তুলনায় ভাল দাম পাওয়া যেতে পারে। তাই জেলার চাষিরা চাইলে এই প্রজাতির আম চাষ করতে পারেন

মালদহ, জিএম মোমিন: দেখতে হুবহু কাশ্মীরি অ্যাপেলের মতো, কিন্তু আসলে এটি একটি বিশেষ প্রজাতির আম। মালদহের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাসে ফলেছে এই অভিনব ‘অ্যাপেল ম্যাঙ্গো’, যা ‘রুমানি’ নামেও পরিচিত। ভিন্ন আকৃতি, আলাদা স্বাদ এবং উচ্চ বাজারমূল্যের সম্ভাবনার কারণে ইতিমধ্যেই এই আম চাষিদের কাছে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। সাধারণত দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে এই প্রজাতির আমের চাষ বেশি হলেও, মালদহের মাটিতেও যে এই গাছ সমানভাবে বেড়ে উঠতে পারে, তা প্রমাণ করেছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। চলতি মরশুমে কেন্দ্রের ক্যাম্পাসে থাকা একটি গাছে প্রচুর ফলন হয়েছে। গাছে ঝুলে থাকা আপেলের মতো দেখতে আম দেখে অনেকেই প্রথমে বিভ্রান্ত হয়ে পড়ছেন।

কৃষি বিজ্ঞানীদের মতে, প্রচলিত আম চাষের পাশাপাশি অ্যাপেল ম্যাঙ্গোর মতো নতুন ও উচ্চমূল্যের জাতের চাষ করলে চাষিদের আয় বাড়তে পারে। এই প্রজাতির চাষ, পরিচর্যা এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। প্রচলিত আমের বাইরে নতুন জাতের এই ‘অ্যাপেল ম্যাঙ্গো’ ভবিষ্যতে মালদহের আমচাষে বৈচিত্র্য আনার পাশাপাশি চাষিদের অর্থনৈতিক লাভের নতুন দিশা দেখাতে পারে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।