
রাস্তায় প্রতিদিন যে BMW, TVS, MG বা BYD-র গাড়ি ও বাইক দেখছেন, সেগুলির ফুল ফর্ম কি জানেন? এই জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ডগুলির নামকরণের পেছনের আসল রহস্যটি জেনে নিন
অনেকেই বলেন, নামে কী আসে যায়! কিন্তু বাস্তবে একটি নামের মধ্যেই লুকিয়ে থাকে অনেক ইতিহাস। রাস্তায় চলতে চলতে আমরা প্রতিদিন অসংখ্য গাড়ি দেখি, তাদের লোগো দেখি, আর সেই লোগো দেখেই গাড়ির ব্র্যান্ড চিনে ফেলি। যেমন BMW, TVS এবং MG-এর নাম প্রায় সবারই পরিচিত। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এই নামগুলির ফুল ফর্ম বা আসল অর্থ কী? অনেকেই এ সম্পর্কে জানেন না।
জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা BMW-এর পুরো নাম তার উৎপত্তিস্থলের সঙ্গে জড়িত। আবার ভারতের জনপ্রিয় দুই চাকার গাড়ি নির্মাতা TVS-এর নাম এসেছে সংস্থার প্রতিষ্ঠাতার নাম থেকে। অন্যদিকে, ব্রিটিশ উৎপত্তির এবং বর্তমানে বিশ্বজুড়ে পরিচিত MG-এর নামের উৎস একটি পুরনো গ্যারাজ ওয়ার্কশপ।
BMW (Bayerische Motoren Werke): বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই জার্মান সংস্থার পুরো নাম Bayerische Motoren Werke, যার ইংরেজি অর্থ Bavarian Motor Works। সংস্থাটি ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শুরুতে বিমান তৈরির ইঞ্জিন নির্মাণ করত।
প্রথম বিশ্বযুদ্ধের পর BMW মোটরসাইকেল এবং পরে গাড়ি তৈরি শুরু করে। ‘Bavarian’ শব্দটি এসেছে জার্মানির Bavaria রাজ্যের নাম থেকে, যেখানে সংস্থার সদর দফতর মিউনিখ শহরে অবস্থিত। বর্তমানে BMW উন্নত ইঞ্জিনিয়ারিং, উচ্চ গতি এবং প্রিমিয়াম গাড়ির জন্য বিশ্বজুড়ে পরিচিত।
TVS (T. V. Sundram Iyengar & Sons): ভারতের জনপ্রিয় দুই চাকার গাড়ি নির্মাতা TVS-এর পুরো নাম T. V. Sundram Iyengar & Sons। অর্থাৎ সংস্থাটির প্রতিষ্ঠাতা থিরুকুরাঙ্গুডি ভেঙ্গারাম সুন্দরম আয়েঙ্গার-এর নাম থেকেই এই ব্র্যান্ডের নামকরণ হয়েছে। তিনি ১৯১১ সালে মাদুরাইয়ে মাদ্রাজের প্রথম বাস পরিষেবা চালু করে ব্যবসা শুরু করেছিলেন।
প্রথমদিকে সংস্থাটি পরিবহণ এবং অটোমোবাইল ডিস্ট্রিবিউশনের কাজ করত। পরে তারা নিজস্ব গাড়ি তৈরি শুরু করে। বর্তমানে TVS Motor Company ভারতের তৃতীয় বৃহত্তম দুই চাকার গাড়ি নির্মাতা সংস্থা। মোপেড থেকে শুরু করে Apache-এর মতো স্পোর্টস বাইক এবং আধুনিক ইলেকট্রিক স্কুটারও তৈরি করে TVS।
MG (Morris Garages): ভারতীয় বাজারে Hector এবং Comet-এর মতো গাড়ির জন্য পরিচিত MG-এর পুরো নাম Morris Garages। এই ব্রিটিশ গাড়ি ব্র্যান্ডটি ১৯২৪ সালে সেসিল কিম্বার অক্সফোর্ডে প্রতিষ্ঠা করেছিলেন।
এই নামটি নেওয়া হয়েছিল সংস্থার মালিক উইলিয়াম মরিস-এর ‘Morris Garages’ নামের সেলস ও সার্ভিস সেন্টার থেকে, যেখানে তিনি প্রথম গাড়ি মডিফাই করার কাজ শুরু করেছিলেন। দুই দরজার স্পোর্টস কারের জন্য জনপ্রিয় এই সংস্থা সময়ের সঙ্গে বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে। বর্তমানে MG-এর মালিকানা রয়েছে চীনের অটোমোবাইল সংস্থা SAIC Motor-এর হাতে, যারা আধুনিক প্রযুক্তি ও ইলেকট্রিক গাড়ি তৈরিতে সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
BYD: চিনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা BYD-এর ফুল ফর্ম হল Build Your Dreams। এই সংস্থা প্রথমে মোবাইল ফোনের ব্যাটারি তৈরি করত, পরে গাড়ি নির্মাণে প্রবেশ করে।
১৯৯৫ সালে ওয়াং চুয়ানফু (Wang Chuanfu) চিনের শেনঝেন শহরে মাত্র ২০ জন কর্মী নিয়ে এই সংস্থার যাত্রা শুরু করেন। প্রথমে সংস্থার নাম ছিল Shenzhen BYD Battery Company। পরে তারা গাড়ি তৈরি শুরু করে। বর্তমানে BYD চীনের বৃহত্তম ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা।
(Feed Source: news18.com)
