
অযোধ্যায় অমিতাভের জমি কেনার কাহিনি সম্প্রতি খোলসা করেছেন রিয়েল এস্টেট সংস্থা The House of Abhinandan Lodha-র CMD অভিনন্দন লোধা। ব্যক্তিগত ভাবে তাঁকে ফোন করেন অমিতাভ, অযোধ্যায় জমি জোগাড় করে দিতে বলে জানিয়েছেন তিনি। Hindustan Times-কে দেওয়া সাক্ষাৎকারে সেই কথোপকথনের খুঁটিনাটি তুলে ধরেন অভিনন্দন। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। (Amitabh Bachchan Bought Ayodhya Land)
অভিনন্দন জানিয়েছেন, ২০২৩ সালের ঘটনা। তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন। সেই সময় রাত ৩টের সময় অমিতাভ ফোন করেন তাঁকে। অভিনন্দনের কথায়, “বেশ কয়েকটি মিসড কল ছিল। একটি মেসেজও এসেছিল যে, ‘আমি অমিতাভ বচ্চন। সময় বলে কল ব্যাক করবেন প্লিজ’। আমি তো উঠে দাঁড়িয়েই পড়ি। ওঁকে ফোন করি আমি। উনি বলেন, ‘অভিনন্দনজী, আমি উত্তরপ্রদেশের লোক। অযোধ্যায় জমি কিনতে চাই’। আমি জানিয়ে দিই, অবশ্যই আপনাকে জমি জোগাড় করে দেব।”
জমির ডিল কী করে হয়, তাও খোলসা করেন অভিনন্দন। জানান, দাম ঠিক হয়ে যাওয়ার এক দিন পরই টাকা পাঠিয়ে দেন অমিতাভ। তিনি বলেন, “আমি ওঁকে লিখি যে, ‘আপনার সঙ্গে কী করে দরাদরী করব’? উনি বলেন, ১৫০০ স্কোয়্যার ফুটের জমি কিনতে চান। আমি জানাই ১৫ কোটির মতো দাম পড়বে। পরদিনই ১৫ কোটি টাকা পাঠিয়ে দেন উনি।”
অযোধ্যায় অমিতাভের যথেষ্ট সম্পত্তিই রয়েছে। ‘দ্য সরযূ প্রজেক্টে’ প্রথম জমি কেনেন। এর পর বাবা ‘হরিবংশ রাই বচ্চন মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ৫৪৪৫৪ স্কোয়্যার ফুটের একটি প্লট কেনেন তিনি, রামমন্দির থেকে যার দূরত্ব মেরেকেটে ১০ কিলোমিটার। চলতি বছরের মার্চ মাসেই তিহুরা মাঝায় ৩৫ কোটি টাকার বিনিময়ে ২.৬৭ একরের একটি জমির মালিকানা হস্তান্তরিত হয় তাঁর নামে।
অমিতাভের পাশাপাশি, অযোধ্যায় জমি কিনেছেন রণবীর কপূরও। ৩.৩১ কোটি টাকার বিনিময়ে ২১৩৪ স্কোয়্যার ফুটের একটি জমি তাঁর হাতে ওঠে। ২০২৬ সালের ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হয়, যেখানে রণবীর, তাঁর স্ত্রী আলিয়া ভট্টও উপস্থিত ছিলেন।
(Feed Source: abplive.com)
