)
Smart Bandage: প্রচলিত ব্যান্ডেজ দিয়ে ৭ দিনে মাত্র ৫০ শতাংশ ক্ষত নিরাময় সম্ভব হয়। আবার পোড়া ক্ষতস্থান ড্রেসিং অত্যন্ত যন্ত্রণাদায়কও বটে। সেখানে রোগীদের জন্য মিলতে চলেছে বিরাট আরাম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোড়া ক্ষত চিকিৎসায় বিপ্লব। পোড়া ক্ষতের চিকিৎসা আর যন্ত্রণাদায়ক থাকবে না। এবার এক যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছেন স্মার্ট ব্যান্ডেজ। যা কিনা মাত্র ৭ দিনেই ৯০ শতাংশ পোড়া ক্ষত সারিয়ে তুলবে। ইউনিভার্সিটি অফ নিউক্যাসলের একদল গবেষক এই স্মার্ট ব্যান্ডেজ তৈরি করেছেন। যা মাত্র ৭ দিনের মধ্যে পোড়া ক্ষতের প্রায় ৯০ শতাংশ নিরাময় করতে সক্ষম। যেখানে প্রচলিত ব্যান্ডেজ দিয়ে ৭ দিনে মাত্র ৫০ শতাংশ ক্ষত নিরাময় সম্ভব হয়। আবার পোড়া ক্ষতস্থান ড্রেসিং অত্যন্ত যন্ত্রণাদায়কও বটে।
কী এই স্মার্ট ব্যান্ডেজ?
বিজ্ঞানীদের তৈরি এই স্মার্ট ব্যান্ডেজে নমনীয় পলিমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে নরম হাইড্রোজেল ব্যবহার করা হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত ‘প্লাজমা ইঞ্জিনিয়ারিং’ প্রযুক্তি। হাইড্রোজেল মূলত মানুষের ত্বকের কোষের মতোই আচরণ করে। এই হাইড্রোজেল ক্ষতস্থানকে আর্দ্র রাখতে ও ক্ষমত নিরাময়ে সাহায্য করে। অন্যদিকে, প্লাজমা ইঞ্জিনিয়ারিংয়ের কারণে ব্যান্ডেজটি দীর্ঘ সময় ধরে চামড়ার সঙ্গে শক্তভাবে লেগে থাকবে।
কীভাবে কাজ করবে স্মার্ট ব্যান্ডেজ?
পোড়া ক্ষতস্থান খোলা রাখলে কোষগুলো দ্রুত অক্সিজেন পায় ও দ্রুত নিরাময় হয়। কিন্তু সংক্রমণের ঝুঁকি এড়াতে তা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়। প্রচলিত ব্যান্ডেজে গজ, প্যারাফিন দিয়ে করা হয়। এটা ক্ষতের নিরাময় প্রক্রিয়াকে ধীর করে দেয়। আবার বারবার ব্যান্ডেজ পরিবর্তন করার সময় নতুন করে তৈরি হওয়া চামড়া ক্ষতিগ্রস্তও হয়। কিন্তু এই স্মার্ট ব্যান্ডেজ পরিবর্তনের দরকার নেই। এটা ক্ষতস্থানকে ব্যাকটেরিয়া মুক্ত রাখবে এবং এর ভেতর দিয়েই অ্যান্টিব্যাকটেরিয়াল তরল সরাসরি ত্বকে প্রবেশ করতে পারবে।
স্মার্ট ব্যান্ডেজের সুবিধা
স্মার্ট ব্যান্ডেজের প্রধান সুবিধা দ্রুত নিরাময়। পরীক্ষায় দেখা গেছে, সাধারণ ব্যান্ডেজের তুলনায় স্মার্ট ব্যান্ডেজ প্রায় দ্বিগুণ দ্রুততার সঙ্গে ক্ষত নিরাময় করে। সংক্রমণের ঝুঁকি হ্রাস করে। বার বার ব্যান্ডেজ পরিবর্তনের প্রয়োজন না হওয়ায় বাতাসে থাকা ব্যাকটেরিয়া বা ভাইরাসের মাধ্যমে হওয়া সেকেন্ডারি ইনফেকশনের ঝুঁকি থাকে না। ব্যান্ডেজ পরিবর্তনের যন্ত্রণাদায়ক ড্রেসিং থেকে রোগীর মুক্তি মেলে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, শুধু পোড়া ক্ষত-ই নয়, এটি ডায়াবেটিস বা অন্যান্য রোগের কারণে তৈরি হওয়া জটিল ক্ষত নিরাময়েও স্মার্ট ব্যান্ডেজ কার্যকরী। ভবিষ্যতে সফট রোবোটিক্স এবং বায়োমেডিক্যাল ডিভাইসের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
ভারতের মতো দেশে স্মার্ট ব্যান্ডেজ কেন গুরুত্বপূর্ণ?
ভারতে প্রতি বছর প্রায় ৭০ লক্ষ মানুষ নানাভাবে অগ্নিদগ্ধ হন। যার মধ্যে প্রায় ৭ লক্ষ মানুষের জরুরি ও উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু সারা দেশে পোড়া রোগীদের জন্য মাত্র ১,৩৩৯টি বিশেষ শয্যা রয়েছে। ফলে বিপুল সংখ্যক রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া হাসপাতালের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে স্মার্ট ব্যান্ডেজ ব্যবহারের অনুমতি মিললে হাসপাতালের উপর থেকে রোগীর চাপ অনেকটাই কমবে এবং স্বল্প সময়ে বেশি রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হবে। তবে সাধারণ মানুষের চিকিৎসার জন্য এটি বাজারে ছাড়ার আগে আরও ব্যাপক আকারে ক্লিনিকাল ট্রায়াল প্রয়োজন।
(Feed Source: zeenews.com)
