ক্রেতা সেজে জুয়েলারি দোকানে এসে ৪০ লক্ষ টাকার হিরের আংটি মুখে পুরে চুরির অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়া ভিডিও ভাইরাল, চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়।
চোখের পলকে মুখের ভিতরে উধাও হয়ে গেল ৪০ লক্ষ টাকা দামের হিরের আংটি…
নয়াদিল্লি: চুরির নানা কৌশল প্রায়ই সামনে আসে। কিন্তু এবার এমন এক ঘটনা ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। একটি জুয়েলারি দোকানে ক্রেতা সেজে এসে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের একটি হিরের আংটি মুখে পুরে ফেলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে এবং সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাধারণ ক্রেতার মতো একটি জুয়েলারি দোকানে বসে একের পর এক আংটি দেখছেন। দোকানদারও তাঁকে বিভিন্ন ডিজাইনের আংটি দেখাতে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই দোকানদারের নজর অন্যদিকে যেতেই অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত কৌশলে একটি হিরের আংটি মুখে ঢুকিয়ে ফেলেন। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, প্রথমে দোকানদার বা আশপাশের কেউ বিষয়টি বুঝতেই পারেননি। পরে জানা যায়, ওই আংটির মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
ভিডিওটি ‘elegance.jewellers’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যদিও ভিডিওটির স্থান, সময় বা ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি দেখে কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকেই জুয়েলারি দোকানগুলিকে নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন। অনেকের মতে, মূল্যবান গয়না দেখানোর সময় শুধু সিসিটিভি নয়, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও থাকা জরুরি।ঘটনাটি যেমন চাঞ্চল্য তৈরি করেছে, তেমনই মূল্যবান সামগ্রী বিক্রির ক্ষেত্রে সতর্কতার প্রয়োজনীয়তার কথাও নতুন করে সামনে এনে দিয়েছে৷
(Feed Source: news18.com)