)
Rajpal Yadav: দিল্লি হাই কোর্ট একাধিক চেক বাউন্স মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রেখে তাঁকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। আদালত ট্রায়াল কোর্টের আগের রায় বহাল রাখলেও, সাজা ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বড়সড় আইনি বিপাকে রাজপাল যাদব। চেক বাউন্স সংক্রান্ত সাতটি মামলায় অভিনেতাকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। শুক্রবার এই মামলার রায় ঘোষণা করার সময় বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা অভিনেতার আচরণকে ‘সন্দেহজনক’ বলে আখ্যা দেন এবং তাঁকে আবারও সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত রাজপাল ও তাঁর স্ত্রীকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা মেটানোরও নির্দেশ দিয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১০ সালে। রাজপাল যাদব তাঁর পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য ‘মেসার্স মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। কিন্তু ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই ঋণ পরিশোধে গড়িমসি শুরু করেন অভিনেতা। দীর্ঘ আইনি লড়াইয়ের মাঝে সুদে-আসলে সেই বকেয়া টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকা।
আদালতের কড়া নির্দেশ ও জরিমানা
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিনেতা আগে যে ২.২৫ কোটি টাকা মিটিয়েছিলেন, তা বাদ দিয়ে বাকি টাকা হিসাব করা হবে। নতুন নির্দেশ অনুযায়ী, সাতটি মামলার প্রতিটিতে রাজপাল যাদবকে অভিযোগকারী সংস্থাকে ১ কোটি ৫ লক্ষ টাকা এবং আরও ১ কোটি ৪ লক্ষ টাকা করে দিতে হবে। রাজ্যকে দিতে হবে প্রতিটি মামলায় ২৫ হাজার টাকা করে। অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলায় অভিযোগকারীকে ৫ লক্ষ ৫১ হাজার ৩৮০ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনি লড়াইয়ের প্রেক্ষাপট
২০১৮-২০১৯ সালে চেক বাউন্স মামলায় ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল ও তাঁর স্ত্রীকে ৬ মাসের জেলের সাজা দেয়, যা পরে সেশন কোর্টেও বহাল থাকে। এরপর তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। ২০২৪-এর জুন মাসে বকেয়া টাকা মেটানোর শর্তে সাময়িকভাবে সাজার ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বারবার প্রতিশ্রুতি দিয়েও টাকা মেটাতে ব্যর্থ হওয়ায় ২ ফেব্রুয়ারি আদালত তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আত্মসমর্পণের আগে রাজপাল সংবাদমাধ্যমে জানান, তাঁর কাছে টাকা দেওয়ার মতো কোনও উপায় নেই। এরপরই তাঁকে তিহার জেলে পাঠানো হয়।
জামিন
গত ১৬ ফেব্রুয়ারি তিনি তিহার জেল থেকে জামিন পান। বলিউডের কঠিন দিনে সোনু সুদ, অজয় দেবগন, সলমন খান এবং গুরমিত চৌধুরীর মতো তারকারা তাঁর পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যও করেছিলেন। কিন্তু শুক্রবার হাইকোর্টের এই নতুন রায়ের পর ফের একবার রাজপাল যাদবকে জেলের চার দেওয়ালে ফিরতে হচ্ছে। এই রায়ের বিরুদ্ধে অভিনেতা উচ্চ আদালতে আপিল করবেন কি না, তা তাঁর আইনজীবীদের তরফ থেকে এখনও স্পষ্ট করা হয়নি। ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজি কিংবা ‘চুপ চুপ কে’-র মতো ছবিতে দর্শকদের হাসানো অভিনেতার বাস্তব জীবন এখন চরম সংকটে।
(Feed Source: zeenews.com)
