)
Flight Instructor in Argentina Died after Jumping: নিহতের নাম লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো। যিনি অত্যন্ত অভিজ্ঞ এক ফ্লাইট ইন্সট্রাক্টর ছিলেন। তিনি সহসা একাজ করলেন কেন? জানা গিয়েছে, বেরতাজ্জো ‘সেসনা ১৫০’ মডেলের এক প্রশিক্ষণ-বিমানে রোজারিও নামের ২২ বছর বয়সি এক ছাত্রকে নিয়ে আকাশে উড়ছিলেন। ব্যস, তারপরই…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর ঘটনা! আকস্মিকতার চূড়ান্ত! মাঝ-আকাশেই চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিয়ে আত্মহত্যা করলেন এক অভিজ্ঞ পাইলট। ককপিটে বসা প্রশিক্ষকের এমন আকস্মিক ঘটনার পর মানসিক ধাক্কা সামলে একাই বিমানটিকে নিরাপদে অবতরণ করান ২২ বছর বয়সি এক অনভিজ্ঞ শিক্ষানবিশ। ঘটনাটি ঘটেছে মেসির দেশ আর্জেন্টিনায়।
নিহত পাইলটের নাম লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো। বয়স ৪২। যিনি অত্যন্ত অভিজ্ঞ একজন ফ্লাইট ইন্সট্রাক্টর ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তিনি সহসা একাজ করলেন কেন? জানা গিয়েছে, বেরতাজ্জো ‘সেসনা ১৫০’ মডেলের একটি প্রশিক্ষণ বিমানে রোজারিও নামের ২২ বছর বয়সি এক ছাত্রকে নিয়ে আকাশে উড়ছিলেন।
ছাত্র
জবানবন্দিতে শিক্ষার্থী রোজারিও জানান, উড়ানটি মাঝ আকাশে থাকা অবস্থাতেই বেরতাজ্জো আকস্মিক নিজের হেডসেট এবং সিটবেল্ট খুলে ফেলেন। এরপর আচমকা তিনি বিমানের দরজা খুলতে যান। তার আগে তিনি রোজারিওকে বলেন, তুমি জানো, তোমাকে কী করতে হবে, চালিয়ে যাও! বলেই চলন্ত বিমান থেকে নীচে ঝাঁপিয়ে পড়েন। পরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
চমৎকার হাসিখুশি…কিন্তু
বেরতাজ্জো যে ‘ফ্লাইং প্যারট কর্ডোবা’ ফ্লাইং স্কুলে কাজ করতেন। এর পরিচালক এদুয়ার্দো আলভারেজ সংবাদমাধ্যমে বলেন, ‘বেরতাজ্জো অত্যন্ত চমৎকার হাসিখুশি একজন মানুষ ছিলেন। সেদিন সকালেই তিনি আরেক ছাত্রকে নিয়ে সফলভাবে ফ্লাইট পরিচালনাও করছিলেন। তিনি যে এমন কিছু করতে পারেন, তার কোনো আভাসই ছিল না।’ আলভারেজ আরও বলেন, ‘ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটে চলা কোনো গাড়ির দরজা খোলার চেষ্টা করার মতোই কঠিন ছিল কাজটি। পাশে শিক্ষার্থী থাকা অবস্থায় কীভাবে তিনি এই মর্মান্তিক সিদ্ধান্তটি নিলেন, তা ব্যাখ্যা করা অসম্ভব।’
অবিশ্বাস্য মানসিক শক্তি ও সাহস
এ দিকে প্রশিক্ষকের এমন আকস্মিক আত্মহননে, আকাশেই সম্পূর্ণ হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন রোজারিও। তবে অবিশ্বাস্য মানসিক শক্তি ও সাহসের পরিচয় দিয়ে বিমানটিকে অক্ষত অবস্থায় নিরাপদে অবতরণ করান তিনি। প্রসঙ্গত, নিহত লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো শুধু আর্জেন্টিনাতেই নয়, পাশের দেশ চিলিতেও দীর্ঘদিন ফ্লাইট প্রশিক্ষক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।
(Feed Source: zeenews.com)
